ট্রাইব্যুনালে প্রমাণ উপস্থাপন

কাদের ও ছাত্রলীগ নেতাদের ফাঁস হওয়া কল রেকর্ডে মিলল যে আলাপ

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৬ আগস্ট ২০২৬, ১৫:২৬
অ- অ+

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২–এ জুলাই গণ–অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত শীর্ষ নেতার বিরুদ্ধে যুক্তিতর্কের দ্বিতীয় দিনে একটি কল রেকর্ড গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে উপস্থাপন করেছে প্রসিকিউশন।

আজ বৃহস্পতিবার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে প্রসিকিউশন এই কল রেকর্ড দাখিল করে।

প্রসিকিউশনের দাবি, ২০২৪ সালের ১১ জুলাই তৎকালীন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানকে ফোন করে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার নির্দেশ দেন। এ–সংক্রান্ত কথোপকথনের একটি অডিও রেকর্ড আদালতে উপস্থাপন করা হয়েছে।

প্রসিকিউশনের ভাষ্য অনুযায়ী, ওই কল রেকর্ডে ওবায়দুল কাদেরকে বলতে শোনা যায়, ‘এদের মারো না কেন’। জবাবে সাদ্দাম হোসেন বলেন, ‘পুলিশ মুখোমুখি হতে নিষেধ করেছে’। প্রসিকিউশনের দাবি, এই কথোপকথনের পর ছাত্রলীগের নেতাকর্মীরা আরও উৎসাহিত হয়ে আন্দোলনকারীদের ওপর হামলায় অংশ নেন।

এর আগে গত ৪ আগস্ট মামলায় যুক্তিতর্ক শুরু হয়। সেদিন প্রসিকিউটর গাজী এম এইচ তামিম আদালতে বলেন, জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধ কোনো বিচ্ছিন্ন ঘটনা ছিল না; বরং এটি ছিল পরিকল্পিত, সংগঠিত এবং দেশব্যাপী পরিচালিত একটি ‘সিস্টেমেটিক ক্রাইম’।

প্রসিকিউশনের অভিযোগ, আন্দোলন দমনের পরিকল্পনা বাস্তবায়নে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃত্ব, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং দলীয় সহযোগী সংগঠনগুলো সমন্বিতভাবে কাজ করেছে। তাদের দাবি, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্দোলনরত শিক্ষার্থীদের ‘রাজাকার’ আখ্যা দেওয়ার পর ওবায়দুল কাদের ছাত্রলীগকে মাঠে নামার নির্দেশ দেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন স্থানে ছাত্রলীগ ও যুবলীগের নেতা–কর্মীরা হামলা চালান। জুলাই-আগস্টের আন্দোলনে বহু মানুষের মৃত্যু ঘটে বলেও প্রসিকিউশন উল্লেখ করেছে।

এই মামলার অন্য আসামিরা হলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনান।

মামলার সব আসামিই বর্তমানে পলাতক। আদালতে মামলার যুক্তিতর্ক কার্যক্রম চলছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আন্তর্জাতিক যুব দিবসে মিরসরাইয়ে বৃক্ষরোপণ
১৯ বছরেও বাস্তবায়ন হয়নি সরকারি কাঁচাবাজার, যানজটে নাকাল বগুড়াবাসী
বদলে গেল দোকান-শপিংমল বন্ধের সময়, নতুন নির্দেশ সরকারের
মির্জাপুরে গৃহবধূ হত্যার রহস্য উদঘাটন ও হয়রানির প্রতিবাদে  সংবাদ সম্মেলন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা