বঙ্গভবনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের আজ প্রথম অফিস শুরু

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ আজ মঙ্গলবার (২৮ জুলাই) প্রথমবারের মতো বঙ্গভবনে আনুষ্ঠানিকভাবে দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন।
জাতীয় সংসদের সরকারি বাসভবন থেকে দুপুর ১২টার দিকে তিনি বঙ্গভবনে পৌঁছান। সেখানে পৌঁছানোর পর রাষ্ট্রপতির কার্যালয়ের নিয়মিত কার্যক্রমে অংশ নিয়েছেন তিনি।
এর আগে গত শুক্রবার রাষ্ট্রপতির পদ থেকে মো. সাহাবুদ্দিন পদত্যাগ করলে সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন।
দায়িত্ব নেওয়ার পর রোববার সকালে তিনি সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তিনি স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।
শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে সশস্ত্র বাহিনীর প্রধানরা ছাড়াও ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে তিনি রাজধানীতে ফিরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরেও শ্রদ্ধা নিবেদন করেন।
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর বঙ্গভবনে আজকেই হাফিজ উদ্দিন আহমদের প্রথম আনুষ্ঠানিক দাপ্তরিক কর্মদিবস শুরু হলো।
(ঢাকাটাইমস/২৮ জুলাই/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন










































