সরকারি চাকরিতে তদবির করলে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ

সরকারি কর্মচারীদের চাকরি-সংক্রান্ত বিষয়ে অন্য কারও মাধ্যমে অনাকাঙ্ক্ষিত তদবির করলে সংশ্লিষ্ট কর্মচারীর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে সরকার। একই সঙ্গে এ ধরনের তদবিরের বিষয় বিস্তারিতভাবে ডোসিয়ারে সংরক্ষণ করতে বলা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগের সাধারণ শাখা থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়।
চিঠিতে বলা হয়েছে, সরকারি কর্মচারীরা কী ধরনের আচরণ করবেন, তা সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৯৭৯ এর সংশ্লিষ্ট বিধিতে উল্লেখ করা হয়েছে। সম্প্রতি দেখা যাচ্ছে, কোনো কোনো সরকারি কর্মচারীর চাকরি-সংক্রান্ত বিভিন্ন বিষয়ে তদবির করতে বিভিন্ন ব্যক্তি বিভিন্ন দপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে যাচ্ছেন।
মন্ত্রিপরিষদ বিভাগ বলছে, এ ধরনের তদবির সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৯৭৯-এর বিধি ২০-এর সুস্পষ্ট লঙ্ঘন। একই সঙ্গে এটি সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ২(খ) অনুযায়ী অসদাচরণ হিসেবে গণ্য হবে।
নির্দেশনায় বলা হয়েছে, কোনো সরকারি কর্মচারী তাঁর পক্ষে অন্য কোনো ব্যক্তি বা ব্যক্তিবর্গের মাধ্যমে চাকরি-সংক্রান্ত কোনো বিষয়ে অনাকাঙ্ক্ষিত তদবির করলে তাঁর বিরুদ্ধে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি এ ধরনের যেকোনো তদবিরের বিষয় বিস্তারিতভাবে ডোসিয়ারে সংরক্ষণ করতে হবে।
তবে সরকারি কর্মচারীরা চাকরি-সংক্রান্ত বিষয়ে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে তাদের নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয়, বিভাগ বা কর্তৃপক্ষের কাছে আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয়, বিভাগ বা কর্তৃপক্ষকে ওই আবেদন সর্বোচ্চ এক মাসের মধ্যে যৌক্তিকভাবে নিষ্পত্তি করতে হবে।
মন্ত্রিপরিষদ বিভাগের চিঠিতে এ বিষয়ে স্ব স্ব নিয়ন্ত্রণাধীন দপ্তর ও সংস্থাকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করা হয়েছে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













