৫ আগস্ট উপলক্ষে র্যাবের বিশেষ নিরাপত্তা পরিকল্পনা, বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি

৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষ্যে ঢাকাসহ দেশব্যাপী নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
মঙ্গলবার সকালে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আগামী ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষ্যে ঢাকাসহ দেশব্যাপী বিভিন্ন অনুষ্ঠান ও কর্মসূচি হবে। এ উপলক্ষ্যে সার্বিকভাবে সবধরণের ঝুঁকি পর্যালোচনা করে কোনো উগ্রবাদী গোষ্ঠী, নিষিদ্ধ ঘোষিত সংগঠন এবং রাষ্ট্র ও সরকারবিরোধী কুচক্রী মহল যাতে কোনো প্রকার অপ্রাীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সে লক্ষ্যে অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থা এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় সাধনের মাধ্যমে র্যাব ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষ্যে নিরাপত্তা জোরদার করেছে।’
এতে বলা হয়, ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষ্যে প্রত্যেক ব্যাটালিয়ন কর্তৃক নিরাপত্তাহুমকি পর্যালোচনাপূর্বক নিরাপত্তা পরিকল্পনা প্রণয়ন ও নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। এ ছাড়া গোয়েন্দা কার্যক্রম জোরদার এবং আগাম তথ্য সংগ্রহের জন্য এলাকাভিত্তিক সোর্স নিয়োগের মাধ্যমে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’
আরও বলা হয়, ‘৪ আগস্ট দিবাগত রাতে অনুষ্ঠানস্থল, রোডমার্চ ও পদযাত্রার নির্ধারিত রুটে এবং ৪ আগস্ট দিবাগত রাতে অনুষ্ঠানস্থল এবং জুলাই স্মৃতিস্তম্ভসমূহের নিরাপত্তায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ ছাড়াও জুলাই স্মৃতিস্তম্ভসমূহে এবং রোডমার্চ ও পদযাত্রার নির্ধারিত রুটে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। র্যাব নিজস্ব নেতৃত্বে দায়িত্ব পালন করবে এবং দায়িত্বপূর্ণ এলাকায় স্থানীয় প্রশাসন, অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থাসমূহের সঙ্গে সমন্বয় করে দায়িত্বপূর্ণ এলাকায় অনুষ্ঠানস্থলে গমনাগমনের রুটসমূহে সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।’
এ ছাড়াও বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সন্দেহভাজন ব্যক্তি ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন কর্তৃক নাশকতা ও অপতৎপরতা রোধকল্পে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধিসহ প্রয়োজনীয় নিরাপত্তা ও প্রতিরোধমূলক ব্যস্থা গ্রহণ করা হয়েছে। প্রতিটি জেলায় গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠাস্থল ও জুলাই স্মৃতিস্তম্ভসমূহের নিরাপত্তায় যেকোনো ধরনের নাশকতা ও অপতৎপরতা রোধে জুলাই গণঅভ্যুত্থান দিবসের সাতদিন পূর্ব থেকেই ইউনিফর্ম পরিহিত র্যাব সদস্যের পাশাপাশি সাদা পোশাকে কঠোর নজরদারি নিশ্চিত করা হয়েছে।’
সংস্থাটি জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব বা অপপ্রচার রোধকল্পে সাইবার পেট্রোলিং জোরদার করা হয়েছে। জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে সকল নাগরিকের নিরাপত্তা সুনিশ্চিত করা, অপরাধ চিহ্নিত ও প্রতিরোধ করা এবং অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসতে র্যাব ফোর্সেস বদ্ধপরিকর।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































