একেবারেই বাড়ির বাইরে বেরোচ্ছি না: হালেপ

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৯ এপ্রিল ২০২০, ১৬:৫৩| আপডেট : ২৯ এপ্রিল ২০২০, ১৭:০৯
অ- অ+

করোনাভাইরাসের জন্য রোমানিয়ায় চলছে লকডাউন। রাস্তায় সেনাবাহিনী টহল দিচ্ছে। এমন পরিস্থিতিতে বুখারেস্টে অন্য এক জীবন কাটাচ্ছেন উইম্বলডন চ্যাম্পিয়ন সিমোনা হালেপ।

পূর্ব ইউরোপের দেশ রোমানিয়ার জনসংখ্যা ২.১ কোটি। ১৬ মার্চ থেকেই সেখানে লকডাউন চলছে। ৬৫ বছরের বেশি বয়সীদের বাড়ির বাইরে বেরোনোর অনুমতি নেই। তার চেয়ে কম বয়সী যাঁরা, শুধু কাজের জন্য বা খুব প্রয়োজন পড়লেই বাইরে বেরোতে পারবেন। কাজের জন্য যাঁরা বাইরে বেরোবেন, তাঁদের অনুমতিপত্র থাকা বাধ্যতামূলক। তাছাড়া রাতে কারফিউও থাকছে।

হালেপ এখন রোমানিয়ায় নিজ বাড়িতে রয়েছেন। তিনি বলেছেন, ‘আমি একেবারেই বাড়ির বাইরে বেরোচ্ছি না। আমি এমন একজন মানুষ যে এসব ব্যাপারকে খুব গুরুত্ব দিয়ে এসেছি বরাবর। গোটা বিশ্বে যা চলছে, তাতে খুব উদ্বেগে আছি। রোমানিয়ায় লকডাউনে খুব কড়াকড়ি। রাস্তায় সেনা টহল দিচ্ছে। প্রয়োজন না হলে বাইরে যাওয়ার অনুমতি নেই।’

হালেপের জন্ম কনস্ট্যান্টার ব্ল্যাক সি রিসর্টে। ২০১৮ সালে ফরাসি ওপেন জয়ের পরেই তিনি রোমানিয়ার বড় তারকা হয়ে উঠেছেন। গত বছর সেরেনা উইলিয়ামসকে হারিয়ে উইম্বলডন জেতার পরে যখন দেশে ফেরেন, তাঁকে বরণ করে নেওয়ার জন্য দেশের মানুষের উচ্ছ্বাসের শেষ ছিল না। বুখারেস্ট জাতীয় স্টেডিয়ামে ৩০ হাজার মানুষ এসেছিলেন তাঁর জয়ের উৎসব পালন করতে। এমনকি তাঁর নামে ডাকটিকিটও প্রকাশ করা হয়।

রবিবার পর্যন্ত রোমানিয়ায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১০ হাজার ৬৩৫। যার মধ্যে মারা গিয়েছেন ৬০১। ‘খুব উদ্বেগজনক পরিস্থিতি রোমানিয়ায়। আমি তো করোনা সংক্রান্ত কোনও খবর পড়ছি না বা দেখছি না। তাতে আমার চিন্তা আরও বেড়ে যায়। বরং তার চেয়ে এই সময়ে কতটা সাহায্য করতে পারি তাতে বেশি জোর দিচ্ছি।’ বলেন হালেপ। গত মাসে তিনি কনস্ট্যান্টা ও বুখারেস্টের হাসপাতালে মেডিক্যাল সরঞ্জাম দান করেছেন। তিনি আরও যোগ করেন, ‘আমার দিক থেকে কর্তব্য বাড়িতে থাকা। ইতিবাচক মানসিকতা রাখা। এ সবেই বেশি জোর দিচ্ছি।’

মেয়েদের পেশাদার ট্যুর, তাঁর খেলোয়াড় বন্ধুদের খুব অভাব অনুভব করছেন উইম্বলডন চ্যাম্পিয়ন। তবে তাঁর মনে হচ্ছে, টেনিস তাড়াতাড়ি ফের শুরু হওয়ার কোনও সম্ভাবনা নেই। করোনার জন্য সমস্ত পেশাদার ট্যুর ১৩ জুলাই পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে প্রথমবার উইম্বলডন বাতিল হয়ে গিয়েছে। ফরাসি ওপেন, যে প্রতিযোগিতায় তিনি তিনবারের ফাইনালিস্ট তা ২৪ মে থেকে সরে গিয়েছে ২০ সেপ্টেম্বরে।

‘আমার বিশ্বাস যদি সেপ্টেম্বরে ফের খেলতে পারি তাহলে আমরা জিতে যাব। কারণ তার অর্থ করোনার আতঙ্ক তত দিনে দূর হয়ে যাবে। কিন্তু এখন যা পরিস্থিতি, তাতে আমরা গ্র্যান্ড স্ল্যাম খেলার স্বপ্নই দেখতে পারি শুধু।’ বলেছেন হালেপ।

করোনার প্রভাব হালেপের রোজকার জীবনেও পড়েছে। এখন সকালে উঠে অনুশীলন নেই। তাই দেরি করতে ঘুমোতে যাচ্ছেন। সকালে উঠছেন দেরিতে। এর মধ্যে অবশ্য শারীরচর্চা চালিয়ে যাচ্ছেন। তার সঙ্গে চলছে রান্না করা, বই পড়া, সিনেমা দেখা এবং পরিবারের সঙ্গে জমাট আড্ডাও।

তবে সব কিছুর মধ্যেও টেনিসের অভাবটা রয়েছেই। ‘এতদিন ধরে টেনিস ছাড়া আছি। ভাবলেই অবাক লাগছে। আমার খেলোয়াড় জীবনে এতদিন টেনিস ছাড়া থাকিনি।’ অবশ্য লকডাউন উঠলে টেনিস নয়, অন্য কিছু করতে চান তিনি। সেটা কী? হালেপের উত্তর, ‘অবশ্যই রেস্তোরাঁয় গিয়ে অর্ডার করব আমার প্রিয় ডেজার্ট।’

(ঢাকাটাইমস/২৯ এপ্রিল/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near ') ORDER BY entry_time DESC,id DESC LIMIT 4' at line 4