বাসচাপায় তাড়াশে মাদ্রাসাছাত্র নিহত

সিরাজগঞ্জের তাড়াশে সাইকেল আরোহী শাহরিয়ার হোসেন (১৫) নামে এক মাদ্রাসা শিক্ষার্থী বাসের চাকায় পৃষ্ট হয়ে নিহত হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে তাড়াশ-ভুইঞাগাতী আঞ্চলিক সড়কের ধাপের ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত শাহরিয়ার মাধাইনগর ইউনিয়নের উত্তর মথুরাপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে। উত্তর মথুরাপুর গ্রামের শিক্ষক আব্দুল আলিম তার নিহতের ঘটনা নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওয়াশীন কওমী হাফিজিয়া মাদ্রাসার ছাত্র শাহরিয়ার হোসেন সাইকেল চালিয়ে তাড়াশ বাজারে আসার পথে তাড়াশ থেকে সিরাজগঞ্জগামী ‘সোনার মদিনা’ নামে একটি যাত্রীবাহী বাস শাহরিয়ারকে চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেন বলেন, মাদ্রাসা ছাত্র শাহরিয়ারের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।
(ঢাকাটাইমস/২৪সেপ্টেম্বর/কেএম)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












