হাসিনার চাচাতো ভাই সাবেক এমপি শেখ জুয়েলের ১২৩টি ব্যাংক হিসাব জব্দ

সাবেক সংসদ সদস্য শেখ সালাহ উদ্দিন জুয়েল ও তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে মানিলন্ডারিং সংক্রান্ত অভিযোগের অনুসন্ধানে ১২৩টি ব্যাংক হিসাব জব্দ করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। জব্দকৃত হিসাবগুলোতে মোট অর্থের পরিমাণ প্রায় ৪৮ কোটি ৪৭ লাখ টাকা।
রবিবার সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) আবু তালেব বিষয়টি নিশ্চিত করেছেন।
সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট জানায়, শেখ সালাহ উদ্দিন জুয়েল-যিনি মধুমতি ব্যাংক পিএলসির ভাইস চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন এবং তার সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে মানিলন্ডারিংয়ের অভিযোগের অনুসন্ধান কার্যক্রমের অংশ হিসেবে এসব হিসাব ফ্রিজ করা হয়েছে।
জব্দকৃত সম্পদের মধ্যে রয়েছে-১২৩টি ব্যাংক হিসাবে জমা থাকা মোট ৪৮ কোটি ৪৭ লাখ ২৩ হাজার ৫৭০ টাকা ৩৮ পয়সা, ৩০ লাখ টাকার সঞ্চয়পত্র এবং আইসিবি সিকিউরিটিজ ট্রেডিং কোম্পানি লিমিটেড ও রয়্যাল ক্যাপিটাল লিমিটেডের তিনটি বিও হিসাব।
অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে রয়েছেন শেখ সালাহ উদ্দিন জুয়েল ছাড়াও তার স্ত্রী শাহানা ইয়াসমিন ওরফে শম্পা (পরিচালক, মধুমতি ব্যাংক পিএলসি), তার তিন ভাই শেখ জালাল উদ্দিন রুবেল, শেখ সোহেল উদ্দিন ও শেখ বেলাল উদ্দিন ওরফে বাবু, বোন তাহমিনা খবির, তিন ভাবী শিরিন শেখ, ফারমিনা খানম (স্বত্বাধিকারী, টুঙ্গীপাড়া নেভিগেশন) ও শেখ ওয়াহিদা সুলতানা এবং ভাতিজি শেখ তাসমিয়া সুনেহরা।
সিআইডি জানায়, প্রাথমিক অনুসন্ধানে চাঁদাবাজি ও ভীতি প্রদর্শনের মাধ্যমে অর্থ আদায় করে তা মানিলন্ডারিংয়ের প্রমাণ পাওয়া গেছে। এ কারণে সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট মহানগর দায়রা জজ (বিশেষ জজ) আদালত, ঢাকা বরাবর আবেদন করে। এর পরিপ্রেক্ষিতে আজ ৪ জানুয়ারি ২০২৬ আদালত সংশ্লিষ্ট ব্যাংক হিসাব, সঞ্চয়পত্র ও বিও হিসাবসমূহ ফ্রিজ করার আদেশ দেন।
সিআইডি আরও জানায়, শেখ সালাহ উদ্দিন জুয়েল ও তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে অনুসন্ধান কার্যক্রম চলমান রয়েছে। অনুসন্ধান শেষে মানিলন্ডারিং প্রতিরোধ আইনে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













