সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় চাঁদপুরের যুবক নিহত

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় চাঁদপুর সদর উপজেলার মো. বাবলু ভুঁইয়া (২১) নামে এক প্রবাসী যুবক নিহত হয়েছেন।
মঙ্গলবার (৬ জানুয়ারি) সৌদি আরবের স্থানীয় সময় রাত ৮টা ৪০ মিনিটের দিকে দেশটির রিয়াদ শহরের আল আরিথ এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
বিষয়টি নিশ্চিত করেন নিহতের সহকর্মী ও পার্শ্ববর্তী বাড়ির মিন্টু হাজীর ছেলে রহমান হৃদয়।
নিহত বাবলু উপজেলার ৪ নম্বর শাহমাহমুদপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড পূর্ব লোধেরগাঁও গ্রামের মৃত আবুল কালাম ভুঁইয়ার ছেলে।
নিহতের পরিবার ও এলাকাবাসী সূত্রে আরো জানা যায়, পরিবারের স্বপ্ন নিয়ে ২০২৪ সালের ১৭ আগস্ট সৌদি আরবের রিয়াদ নগরীতে যান বাবলু ভূঁইয়া। তিনি সৌদি আরবে ফুড ডেলিভারি নিয়ে কাজ করতেন। প্রতিদিনের মতো মঙ্গলবার রাতে রিয়াদ শহরের আল আরিথ নামক স্থান দিয়ে মোটরসাইকেলে ফুড ডেলিভারি দিতে যাওয়ার পথে পেছন থেকে আসা দ্রুত গতির একটি প্রাইভেটকার বাবলুকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে বাবলু ভুঁইয়ার মাথা থেতলে গিয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান।
পরে কাস্টমার বাবলুকে ফোন দিয়েও সাড়া না মেলায় কোম্পানির কাছে অভিযোগ করেন। কোম্পানির লোকজন ও অন্য কর্মীরাও বাবলুর সাথে যোগাযোগ করার চেষ্টা করে মোবাইল বন্ধ পাওয়া যায়। এমন সময়ে এক পাকিস্তানি প্রবাসী দুর্ঘটনার বিষয়টি তাদেরকে জানালে তারা ঘটনাস্থলে গিয়ে বাবলুর ব্যবহৃত মোটরসাইকেল দেখে পুলিশকে জিজ্ঞাসা করলে তারা হাসপাতালে যোগাযোগ করার কথা বলেন। পরে একটি হাসপাতালে গিয়ে তারা বাবলুর লাশ সনাক্ত করেন। বাবলুর মৃত্যুতে পরিবার সহ পুরো এলাকায় বইছে শোকের মাতম। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তাকে নিয়ে অনেকেই স্মৃতিচারণ করতেও দেখা যায় এবং রুহের মাগফেরাত কামনা করেন।(ঢাকা টাইমস/০৮জানুয়ারি/এসএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































