গাড়ি থামিয়ে কিশোরীর সঙ্গে দেখা করলেন তারেক রহমান

ময়মনসিংহে নির্বাচনী জনসভা শেষে গাজীপুরের জনসভায় যোগ দিতে যাওয়ার পথে এক আবেগঘন মুহূর্তের সাক্ষী হন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার ভালুকার সিডস্টোর এলাকায় গাড়িবহর থামিয়ে তারেক রহমানের সঙ্গে কথা বলতে চান এক কিশোরী।
ওই কিশোরী তারেক রহমানকে উদ্দেশ করে বলেন, আমি সমাবেশে আপনাকে দেখেছি, কিন্তু দূর থেকে মন ভরেনি। আপনার সঙ্গে দেখা করা আমার অনেক দিনের স্বপ্ন ছিল। তাই গাড়িতে এসেই কথা বলতে চেয়েছি। কিশোরীটি আরও বলেন, মানুষের সেবা করে রাজনীতি করতে চাই। নিজের যোগ্যতায় একদিন সংসদে গিয়ে আপনার সঙ্গে দেখা করে আসবো। আমার রক্তে রাজনীতি, রাজনীতি ছাড়া থাকতে পারব না। আমার জন্য দোয়া করবেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, কিশোরীর আবেদনে সাড়া দিয়ে তারেক রহমান নিজেই বাসের দরজা খুলে দেন এবং মনোযোগ দিয়ে তার কথা শোনেন। এ সময় কিশোরীটি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার একটি ছবি তারেক রহমানকে উপহার দেন। তারেক রহমান ছবিটি সাদরে গ্রহণ করে কিশোরীকে ধন্যবাদ জানান। এ সময় তারেক রহমানের সঙ্গে তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান উপস্থিত ছিলেন।
জেবি
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































