বহু জান কোরবানির বিনিময়ে আসা পরিবর্তনের ধারা ধরে রাখতে হবে, উত্তরায় তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৮ জানুয়ারি ২০২৬, ১০:১৯
অ- অ+

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বহু মানুষের ‘জান কোরবানির বিনিময়ে’ আমাদের দেশে পরিবর্তন এসেছে। এই পরিবর্তনের ধারা ধরে রাখতে হবে। বিএনপি সরকার গঠন করতে পারলে রাজধানীর উত্তরা এলাকার গ্যাস, পানি, চিকিৎসা, জলাবদ্ধতা ও যানজটসহ সাতটি প্রধান সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়া হবে বলে আশ্বাস দেন তিনি।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) দিবাগত রাতে রাজধানীর উত্তরার আজমপুর ঈদগাহ মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তারেক রহমান।

ময়মনসিংহ থেকে গাজীপুর হয়ে রাত ১২টা ৫২ মিনিটে জনসভাস্থলে পৌঁছে সংক্ষিপ্ত বক্তব্য দেন বিএনপি চেয়ারম্যান। বক্তব্যের শুরুতে তিনি দেরিতে আসার জন্য উপস্থিত জনতার কাছে ক্ষমা প্রার্থনা করেন। এ সময় তিনি বলেন, পথিমধ্যে বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ে সময় লেগেছে।

উত্তরার বিভিন্ন সমস্যা তুলে ধরে তারেক রহমান বলেন, নিয়মিত বিল পরিশোধের পরও গ্যাস ও পানির সংকটে মানুষ ভোগান্তিতে পড়ছে। এ সংকট শুধু উত্তরায় নয়, সারা দেশেই বিদ্যমান। দীর্ঘদিন নতুন গ্যাস কূপ অনুসন্ধান বন্ধ থাকায় পরিস্থিতি আরও জটিল হয়েছে বলে মন্তব্য করেন তিনি। সংকট নিরসনের মাধ্যমে নতুন শিল্পকারখানা স্থাপন করে কর্মসংস্থান সৃষ্টি করার ওপর গুরুত্ব দেন তারেক রহমান।

চিকিৎসা ব্যবস্থার প্রসঙ্গে তিনি বলেন, উত্তরার মধ্য ও নিম্নবিত্ত মানুষের দীর্ঘদিনের দাবি একটি সরকারি হাসপাতাল। বিএনপি সরকার গঠন করতে পারলে উত্তরায় একটি সরকারি হাসপাতাল প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে।

পানি সংকট ও জলাবদ্ধতা নিয়ে বক্তব্য দিতে গিয়ে তারেক রহমান বলেন, খাল ও জলাধার শুকিয়ে যাওয়ায় পানির সংকট তীব্র আকার ধারণ করেছে। খাল খনন কর্মসূচির মাধ্যমে শুধু উত্তরায় নয়, সারা দেশের পানি সংকট ও বর্ষা মৌসুমের জলাবদ্ধতা নিরসনে উদ্যোগ নেওয়া হবে।

যানজট প্রসঙ্গে তিনি বলেন, এটি শুধু উত্তরার সমস্যা নয়, পুরো রাজধানীরই একটি বড় সংকট। যানজট নিরসনে বিএনপির একটি সমন্বিত পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি। একই সঙ্গে মাদকের বিস্তারকে ভয়াবহ সামাজিক সমস্যা উল্লেখ করে বলেন, মাদক পরিবার ও সমাজকে ধ্বংস করছে। এ সমস্যা মোকাবিলায় কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

তিনি আরও বলেন, উত্তরাসহ সারা দেশে অল্পশিক্ষিত ও অর্ধশিক্ষিত তরুণদের জন্য কর্মসংস্থানের সুযোগ বাড়াতে হবে। কর্মসংস্থান সৃষ্টি করা গেলে প্রত্যাশিত বাংলাদেশ গড়া সম্ভব হবে বলে মন্তব্য করেন তিনি।

দেশের রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে তারেক রহমান বলেন, গত ১৬–১৭ বছরে মানুষের রাজনৈতিক অধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা ক্ষুণ্ন হয়েছে। এসব অধিকারের পক্ষে দাঁড়াতে গিয়ে অনেক পরিবার তাদের স্বজন হারিয়েছে। তিনি বলেন, ২০২৪ সালের জুলাই আন্দোলন এবং ৫ আগস্টের ঘটনাপ্রবাহে উত্তরার মানুষের ভূমিকা গুরুত্বপূর্ণ ছিল, যা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।

সমাবেশের শেষ দিকে তিনি বলেন, দেশের সামনে নানা চ্যালেঞ্জ রয়েছে। ঐক্যবদ্ধ থাকলে এসব সমস্যা মোকাবিলা করা সম্ভব। আসন্ন ১২ ফেব্রুয়ারির নির্বাচন সামনে রেখে পারস্পরিক দোষারোপ পরিহার করে জনগণের কষ্ট লাঘবে বাস্তবসম্মত পরিকল্পনায় মনোযোগ দেওয়ার আহ্বান জানান তিনি।

বক্তব্য শেষে তারেক রহমান আওয়ামী লীগ সরকারের সময়ে খুন ও গুমের শিকার পরিবারের স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করেন। পরে রাত ১টা ১৭ মিনিটে তিনি সভাস্থল ত্যাগ করেন।

(ঢাকাটাইমস/২৮ জানুয়ারি/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বগুড়ায় যুবককে রাতভর নির্যাতনের পর পায়ের রগ কেটে হত্যা  
বিএনপি নেতার বাড়িতে গুলি: ৩ আগ্নেয়াস্ত্র ও ১৩ রাউন্ড গুলিসহ সন্দেহভাজন ছাত্রদল নেতা গ্রেপ্তার
বিএনপির বড় চ্যালেঞ্জ জনগণের আস্থা ধরে রাখা: রিজভী
খুব স্বল্প সময়ের মধ্যে কমবে লোডশেডিং: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা