আয়কর রিটার্ন দাখিলের সময় আরও এক মাস বাড়ছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৯ জানুয়ারি ২০২৬, ১০:০৪
অ- অ+

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ব্যক্তি শ্রেণির করদাতাদের আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা আরও এক মাস বাড়ানোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, গণভোট ও চলমান নির্বাচনী প্রচারণার কারণে করদাতাদের সুবিধার কথা বিবেচনায় রেখে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

এনবিআর সূত্রে জানা গেছে, বর্তমানে ব্যক্তি শ্রেণির করদাতাদের জন্য আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ সময় নির্ধারিত রয়েছে আগামী ৩১ জানুয়ারি। তবে সময়সীমা আরও এক মাস বাড়িয়ে তা ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত করার পরিকল্পনা করা হচ্ছে। এ বিষয়ে শিগগিরই আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

চলতি করবর্ষে এর আগেও দুই দফায় ব্যক্তি শ্রেণির করদাতাদের জন্য রিটার্ন দাখিলের সময় বাড়ানো হয়েছিল। সর্বশেষ সময় বৃদ্ধির ইঙ্গিত দেন এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান।

সম্প্রতি এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এনবিআর চেয়ারম্যান বলেন, নির্ধারিত সময়ের শেষ দিকে যদি দেখা যায় যে নিবন্ধিত করদাতাদের একটি বড় অংশ এখনো রিটার্ন দাখিল করেননি, তাহলে সময় বাড়ানোর বিষয়টি বিবেচনা করা হবে। সে সময় তিনি জানান, চূড়ান্ত সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি।

এনবিআরের তথ্যমতে, এ পর্যন্ত ৪৭ লাখ ব্যক্তি শ্রেণির করদাতা অনলাইনে রিটার্ন দাখিলের জন্য নিবন্ধন সম্পন্ন করেছেন। এর মধ্যে প্রায় ৩৪ লাখ করদাতা ইতোমধ্যে রিটার্ন জমা দিয়েছেন। অর্থাৎ নিবন্ধিত করদাতাদের একটি উল্লেখযোগ্য অংশ এখনো রিটার্ন দাখিল করতে পারেননি, যা সময়সীমা বাড়ানোর অন্যতম কারণ হিসেবে বিবেচিত হচ্ছে।

আয়কর আইন অনুযায়ী প্রতিবছর ব্যক্তি শ্রেণির করদাতাদের রিটার্ন দাখিলের নির্ধারিত সময় ৩০ নভেম্বর পর্যন্ত। তবে চলতি করবর্ষে বিশেষ পরিস্থিতির কারণে ইতোমধ্যে দুই দফায় মোট দুই মাস সময় বাড়ানো হয়। এবার নতুন করে আরও এক মাস সময় বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।

আইন অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে আয়কর রিটার্ন দাখিল না করলে করদাতাদের জরিমানা গুনতে হয়। পাশাপাশি সরকার নির্ধারিত বিভিন্ন কর রেয়াত ও কর সুবিধা থেকেও তাঁরা বঞ্চিত হতে পারেন। এ কারণে করদাতাদের সময়মতো রিটার্ন দাখিলের জন্য নিয়মিত আহ্বান জানিয়ে আসছে এনবিআর।

(ঢাকাটাইমস/২৯ জানুয়ারি/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কক্সবাজারে রিসোর্টে আগুন: ১০ জন নিহতদের মধ্যে একই পরিবারের ৬ জন
‘আমার জীবনের মানসিক শান্তি নষ্ট করে দিলেন’, মাছরাঙা টেলিভিশনকে পরীমনি
তারেক রহমান জনগণের দোরগোড়ায় পৌঁছাতে কাজ করছেন: ভূমিমন্ত্রী 
জামালপুর চার উপজেলায় সাব-রেজিস্ট্রার নেই, ব্যাহত সেবা