নির্বাচনকে সামনে রেখে যুবদলকে জড়িয়ে বিভ্রান্ত তথ্য ও মিথ্যাচার চালানো হচ্ছে: মুন্না

যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না বলেছেন নির্বাচনকে সামনে রেখে পরিকল্পিতভাবে জাতীয়তাবাদী যুবদলকে জড়িয়ে বিভ্রান্ত তথ্য মিথ্যাচার ও উদ্দেশ্য প্রণিত অপপ্রচার চালানো হচ্ছে।
সাম্প্রতিক সময়ে এই অপপ্রচার নতুন মাত্রা পেয়েছে দাবি করে তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ও কিছু অনলাইন পোর্টালকে ব্যবহার করে একটি মহল সুপরিকল্পিতভাবে যুবদলের ভাবমূর্তি ক্ষুন্ন করার অপচেষ্টা চালাচ্ছে।
রবিবার রাজধানীর গুলশানে ৯০ নম্বর রোডে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের বর্তমান জনপ্রিয়তায় ভিত হয়েই একটি মহল পরিকল্পিতভাবে এই মিথ্যা বিভ্রান্তিকর ও উদ্দেশ্য প্রণিত অপপ্রচার চালাচ্ছে মন্তব্য করে যুবদল সভাপতি বলেন, দেশের মানুষ দেশের মানুষ আজ গণতন্ত্রের পক্ষে অবস্থান নিয়েছে। বিএনপির পক্ষে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে তা থামাতে ব্যর্থ হয়েই তারা কুৎসা গুজব ও প্রোপাকান্ডার আশ্রয় নিয়েছে।
তিনি বলেন, জনগণের রায় কাগজে কলমে লেখা কোন স্ক্রিপ্ট নয়। এটি মানুষের হৃদয়ে লেখা। আর সেই রায় আজ স্পষ্টভাবে বিএনপির পক্ষে। নির্বাচনকে সামনে রেখে জাতীয়তাবাদী যুবদলকে জড়িয়ে যে অপপ্রচার চালানো হচ্ছে তা কোন বিচ্ছিন্ন ঘটনা নয়। এটি একটি সংগঠিত অপচেষ্টা। সামাজিক যোগাযোগ মাধ্যম ও কিছু অনলাইন পোর্টালকে ব্যবহার করে চেষ্টা চলছে যাতে ভোটের মাঠে বিভ্রান্তি সৃষ্টি করা যায় এবং গণতান্ত্রিক পরিবেশকে বিষাক্ত করা যায়। আমরা স্পষ্ট করে বলতে চাই বিএনপির পক্ষে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে তা কোন ষড়যন্ত্রের মাধ্যমেই থামেনা সম্ভব নয়।
সম্প্রতি সারাদেশে জাতীয়তাবাদী যুবদলকে কেন্দ্র করে কিছু ঘটনার ব্যাখ্যা দিয়ে এবং সেগুলো উদ্দেশ্যপ্রণীত ও মিথ্যা দাবি করে আব্দুল মোনায়েম মুন্না বলেন, নির্বাচন যত ঘনিয়ে আসছে কেন যুবদলকে টার্গেট করে এই অপপ্রচার? কেন সাজানো নাটক মিথ্যা ভিডিও ব্যাখ্যা আর আবেগকে পুঁজি করে রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা? আমরা স্পষ্ট করে জানিয়ে দিতে চাই জাতীয়তাবাদী যুবদল এসব মিথ্যাচার ও অপপ্রচারের কাছে মাথা নত করবে না। মিথ্যা দিয়ে ষড়যন্ত্র দিয়ে জাতীয়তাবাদী যুবদলকে দমিয়ে রাখা যাবে না। আমরা গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাস করি, সহনশীলতায় বিশ্বাস করি। কিন্তু পরিকল্পিত অপপ্রচার ও ষড়যন্ত্রের বিরুদ্ধে রাজপথে গণমাধ্যমে আইনি লড়াইয়ে আমরা কঠোর অবস্থান নেব।
পরিশেষে আমরা গণমাধ্যম কর্মীসহ দেশবাসীর প্রতি আহ্বান জানাই। সত্য যাচাই করুন। অপপ্রচারে বিভ্রান্ত হবেন না। গণতন্ত্র ও শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ রক্ষায় সচল ভূমিকা পালন করুন বলেও জানান তিনি।
(ঢাকাটাইমস/১ ফেব্রুয়ারি/জেবি/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































