জনপ্রত্যাশা পূরণে সরকারকে ১৮০ দিনের মধ্যে দৃশ্যমান পদক্ষেপ নিতে হবে: সাইফুল হক

জনআকাঙ্ক্ষা পূরণে সরকারকে দ্রুত দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি বলেছেন, জনগণ সরকারকে যৌক্তিক সময় দিলেও ১৮০ দিনের মধ্যে জনপ্রত্যাশা বাস্তবায়নে সরকারকে কার্যকর উদ্যোগ নিতে হবে।
শুক্রবার বিকালে রাজধানীর তেজগাঁও চার্চ কমিউনিটি সেন্টার মিলনায়তনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি আয়োজিত পুনর্মিলনী ও ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাইফুল হক বলেন, জনআকাঙ্ক্ষা পূরণে সরকারকে অগ্রাধিকার নির্ধারণ করে দ্রুত পদক্ষেপ নিতে হবে। কোনো স্বার্থান্বেষী গোষ্ঠীর চাপে সরকার যেন নত না হয়। একই সঙ্গে বিতর্কিত নীতি ও কৌশল থেকে সরকারকে বিরত থাকার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, দেশে সন্ত্রাস, চাঁদাবাজি, জুলুম, ক্ষমতার অপব্যবহার ও দখলদারিত্বের বিরুদ্ধে সরকারকে কঠোর অবস্থান নিতে হবে। কোনো অপরাধীকে রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে বিবেচনা করা যাবে না বলেও মন্তব্য করেন তিনি।
জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১২ আসনে কোদাল প্রতীকে যারা তাকে ভোট দিয়েছেন এবং নির্বাচনে সক্রিয় ভূমিকা রেখেছেন তাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান সাইফুল হক। তিনি বলেন, বিপুল কালো টাকা, পেশীশক্তি, প্রশাসনিক ম্যানিপুলেশন, ভোটের ইঞ্জিনিয়ারিং ও ধর্মীয় অনুভূতির রাজনৈতিক ব্যবহারের কারণে তিনি নির্বাচনে জয়ী হতে না পারলেও ঢাকা-১২ আসনের জনগণের পাশে থাকবেন।
ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ঢাকা-১২ আসনে কোদাল প্রতীকের পক্ষে যারা সক্রিয়ভাবে কাজ করেছেন—বিএনপি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সমাজের প্রতিনিধিত্বশীল ব্যক্তিরা এই পুনর্মিলনী ও ইফতার অনুষ্ঠানে অংশ নেন।
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খানের সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন পার্টির নেত্রী বহ্নিশিখা জামালী, বিএনপি নেতা ও সাবেক কমিশনার আনোয়ারুজ্জামান আনোয়ার, শাহ আলম, এল রহমান, মনিরুল ইসলাম রাহেমী, ইঞ্জিনিয়ার মিরাজুল হায়দার আরজু, তাসলিমা রীতা, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতা মীর মোফাজ্জল হোসেন মোশতাক, সাইফুল ইসলাম ও ফিরোজ আলীসহ অনেকে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































