জগন্নাথপুরে
জামায়াত নেতার বাড়িতে মিলল অস্ত্র-গোলাবারুদ

সুনামগঞ্জের জগন্নাথপুরে সেনাবাহিনীর অভিযানে এক জামায়াত নেতার বাড়ি থেকে বিপুল পরিমাণ দেশি-বিদেশি অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ওই নেতার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করেছে পুলিশ।
অভিযুক্ত পিয়ার আলী উপজেলার মিরপুর ইউনিয়নের শ্রীরামিসি (রসুলপুর) গ্রামের বাসিন্দা এবং স্থানীয় জামায়াতে ইসলামির এক শাখার সভাপতি। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন।
সেনাবাহিনী ও পুলিশ সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে বাংলাদেশ সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশনের একটি দল শ্রীরামিসি এলাকায় বিশেষ অভিযান চালায়। এ সময় পিয়ার আলীর বসতঘর তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, দুটি রিভলভার, একটি একনলা বন্দুক ও একটি দেশীয় পাইপগানসহ বিভিন্ন ধরনের অস্ত্র উদ্ধার করা হয়।
এ ছাড়া তল্লাশিতে ১৩ রাউন্ড গুলি, ১৪ বক্স এয়ারগানের গুলি, একটি খালি পিস্তলের ম্যাগাজিন এবং দেশীয় তৈরি ধারালো অস্ত্রও জব্দ করা হয়েছে। পরে উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদ জগন্নাথপুর থানায় হস্তান্তর করা হয়।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছে। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































