সীতাকুণ্ডে আবুল খায়ের রোলিং মিলসে ডাকাতির চেষ্টা নস্যাৎ, আটক ৩

চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত আবুল খায়ের রোলিং মিলস লিমিটেডে পরিকল্পিত ডাকাতির চেষ্টা নস্যাৎ করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।
সোমবার ভোর আনুমানিক ৬টার দিকে ১৫ থেকে ২০ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল কারখানায় প্রবেশ করে উৎপাদন কার্যক্রম ব্যাহত করার উদ্দেশ্যে বৈদ্যুতিক ক্যাবল কাটতে শুরু করে। এ সময় দায়িত্বরত আনসার সদস্যরা বাধা দিলে ডাকাতরা দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলার চেষ্টা চালায়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আনসার সদস্যরা প্রথমে এক রাউন্ড রাবার কার্তুজ নিক্ষেপ করেন। কিন্তু ডাকাতরা আরও আক্রমণাত্মক হলে আত্মরক্ষার্থে তিন রাউন্ড সিসা কার্তুজ ছোড়া হয়। এতে ডাকাত দল ছত্রভঙ্গ হয়ে পালানোর চেষ্টা করে।
পরে ধাওয়া করে ঘটনাস্থল থেকেই তিনজনকে আটক করা হয়। আটককৃতদের কাছ থেকে প্রায় ৩২০ কেজি বৈদ্যুতিক ক্যাবল, রামদা ও অন্যান্য দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
আটকরা হলেন— সীতাকুণ্ডের শীতলপুর গ্রামের মো. জাবেদ (২৭), ফুলতলা গ্রামের মো. শরিফুর রহমান (২৮) এবং নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার মো. রাসেল (২৯)।
ঘটনার পর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে আটক ব্যক্তিদের উদ্ধারকৃত মালামালসহ আইনগত ব্যবস্থার জন্য স্থানীয় থানায় হস্তান্তর করা হয়েছে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













