দেশের ৭ অঞ্চলে বজ্র ও শিলাবৃষ্টির পূর্বাভাস

এপ্রিলের শুরু থেকে দেশের বিভিন্ন অঞ্চলে তীব্র গরম ও মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ চলছে, যা জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে। তবে তাপমাত্রা এখনো ৩৬ ডিগ্রি সেলসিয়াসের ঘরে অবস্থান করলেও দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি, বজ্রপাত ও শিলাবৃষ্টির আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আগামী পাঁচ দিনে আবহাওয়ায় এই পরিবর্তন দেখা যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা জানান, সাময়িকভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে।
পূর্বাভাস অনুযায়ী, শনি ও রবিবার (১৮–১৯ এপ্রিল) রংপুর বিভাগ, ময়মনসিংহ বিভাগ ও সিলেট বিভাগ-এর কিছু কিছু এলাকায় এবং রাজশাহী বিভাগ, ঢাকা বিভাগ, খুলনা বিভাগ ও চট্টগ্রাম বিভাগ-এর দু-এক জায়গায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোর আশঙ্কাও রয়েছে। একই সঙ্গে দেশের কিছু স্থানে শিলাবৃষ্টির সম্ভাবনার কথাও বলা হয়েছে।
তাপমাত্রার দিক থেকে শনিবার দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। রবিবার দিনের তাপমাত্রা সামান্য বাড়লেও রাতের তাপমাত্রায় বড় ধরনের পরিবর্তন আসবে না।
সোম ও মঙ্গলবার (২০–২১ এপ্রিল) ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু এলাকায় এবং রংপুর, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে সোমবার দেশের কোথাও কোথাও শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে। এ সময় সোমবার তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও মঙ্গলবার দিন ও রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।
বুধবার (২২ এপ্রিল) রংপুর, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের কিছু এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা থাকলেও দেশের অন্যান্য স্থানে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে তাপমাত্রা ধীরে ধীরে বাড়ার ইঙ্গিত দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এদিকে গত ২৪ ঘণ্টায় রংপুরে সর্বোচ্চ ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া নীলফামারীর ডিমলায় ৪ মিলিমিটার, সিলেটে ২ মিলিমিটার এবং নারায়ণগঞ্জে ১ মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
(ঢাকাটাইমস/১৮ এপ্রিল/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











