বীরশ্রেষ্ঠদের নামে জাতীয় সংসদের গ্যালারির নামকরণ

প্রধানমন্ত্রীর পরামর্শে জাতীয় সংসদের বিভিন্ন গ্যালারির নামকরণ মহান মুক্তিযুদ্ধে সর্বোচ্চ বীরত্বের স্বীকৃতিপ্রাপ্ত সাত বীরশ্রেষ্ঠের নামে করা হয়েছে। জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাতে এবং তাদের স্মৃতি চিরস্মরণীয় করে রাখতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এই সিদ্ধান্তের ফলে জাতীয় সংসদের গ্যালারিগুলো এখন থেকে বীরশ্রেষ্ঠদের নামেই পরিচিত হবে। এর মাধ্যমে দেশের গণতন্ত্রের কেন্দ্রবিন্দুতে মুক্তিযুদ্ধের বীরত্বগাথা স্থায়ীভাবে সংযুক্ত হলো।
আগে গ্যালারিগুলোর নামকরণ ছিল ফুল ও নদীর নামে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী সেই নাম পরিবর্তন করে মুক্তিযুদ্ধের ইতিহাসের সঙ্গে সরাসরি সম্পৃক্ত করা হয়েছে।
নতুন নামকরণ অনুযায়ী, গ্যালারি-৩ বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক মুন্সী আব্দুর রউফ, গ্যালারি-৪ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান, গ্যালারি-৫ বীরশ্রেষ্ঠ ইঞ্জিন রুম আর্টিফিসার মোহাম্মদ রুহুল আমিন, গ্যালারি-৬ বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ এবং গ্যালারি-৭ বীরশ্রেষ্ঠ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামালের নামে নামকরণ করা হয়েছে।
এছাড়া ভিআইপি গ্যালারি-১ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর এবং ভিআইপি গ্যালারি-২ বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের নামে নামকরণ করা হয়েছে। গ্যালারি-১ ও গ্যালারি-২ সাংবাদিকদের জন্য সংরক্ষিত রয়েছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, জাতীয় সংসদের গ্যালারিগুলোর এই নামকরণের মাধ্যমে মুক্তিযুদ্ধের ইতিহাস প্রাতিষ্ঠানিকভাবে সংরক্ষণের পাশাপাশি নতুন প্রজন্মের কাছে বীরত্ব ও আত্মত্যাগের চেতনা আরও দৃশ্যমান হবে।
(ঢাকাটাইমস/২৩ এপ্রিল/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












