সারা দেশে ভারী বৃষ্টি ও বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৭ এপ্রিল ২০২৬, ০৮:৫৬
অ- অ+

দেশের বিভিন্ন অঞ্চলে আগামী কয়েক দিন ধরে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা বাড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে উত্তরাঞ্চল ও তৎসংলগ্ন এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালার প্রভাবে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে ভারী থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে।

রবিবার (২৬ এপ্রিল) সকাল ৯টা থেকে দেওয়া বিশেষ সতর্কবার্তায় বলা হয়েছে, পরবর্তী তিন দিন এসব বিভাগের কোথাও কোথাও ভারী (৪৪-৮৮ মিলিমিটার) থেকে অতি ভারী (৮৮ মিলিমিটারের বেশি) বৃষ্টিপাত হতে পারে। এতে নিচু এলাকা ও শহরাঞ্চলে সাময়িক জলাবদ্ধতা সৃষ্টি হওয়ার শঙ্কা রয়েছে।

২৪ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে জানানো হয়, সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় দমকা বা ঝড়ো হাওয়ার সঙ্গে বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সময়ে রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

এতে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হ্রাস পেতে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

পরবর্তী ২৪ ঘণ্টার (২৭ এপ্রিল সন্ধ্যা ৬টা থেকে) পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং দেশের অন্যান্য বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় দেশের কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। তবে এ সময়ে দিনের তাপমাত্রা সামান্য কমলেও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এদিকে নদীবন্দরগুলোর জন্য জারি করা বিশেষ সতর্কবার্তায় বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ঢাকা, ময়মনসিংহ, সিলেট ও কুমিল্লা অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ী ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এই পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আবহাওয়াবিদরা বলছেন, গভীর মেঘমালার প্রভাবে তৈরি এই বৃষ্টিপাত ও ঝড়ো হাওয়ার প্রবণতা আগামী কয়েক দিন দেশের জনজীবনে প্রভাব ফেলতে পারে।

(ঢাকাটাইমস/২৭ এপ্রিল/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে স্টেশন ঘেরাও, ট্রেনের যাত্রা বাতিল
প্রথম স্ত্রীসহ এমপি গাজী নজরুলকে গ্রেপ্তার দেখালো পুলিশ
প্রতিটি বারে হুটহাট অভিযান হবে, পারমিট ছাড়া মদ খেলেই গ্রেপ্তার: ডিসি ইলিয়াস কবির
নতুন দায়িত্বে দুই অতিরিক্ত আইজিপি