মিরপুর মডেল থানার ওসি হলেন হাফিজুর রহমান

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে হাফিজুর রহমানকে পদায়ন করা হয়েছে। তিনি বর্তমানে হাজারীবাগ থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করছেন।
রবিবার ডিএমপি কমিশনার মো. সরওয়ার স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। আদেশে আদাবর ও দারুসসালাম থানার ওসিকেও বদলি করে নতুন কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হয়েছে।
পুলিশ সূত্র জানায়, হাফিজুর রহমান ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বাসিন্দা এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী। চাকরি জীবনে তিনি পেশাদার ও দক্ষ কর্মকর্তা হিসেবে পরিচিত।
এর আগে তিনি পুলিশের বিভিন্ন ইউনিটে দায়িত্ব পালন করেছেন। ৫ আগস্ট-পরবর্তী সময়ে তাকে ডিএমপির পশ্চিম থানায় ওসি হিসেবে পদায়ন করা হয়। পরে গত বছরের ৩০ জুন হাফিজকে গুলশান থানার ওসি করা হয়। সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারাদেশে থানার ওসিদের রদবদলের সময় তিনি হাজারীবাগ থানার দায়িত্ব পান।
পুলিশের দায়িত্ব পালনে কৃতিত্বের স্বীকৃতি হিসেবে হাফিজুর রহমান রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) অর্জন করেছেন। এ ছাড়া তিনি দশবার ডিএমপির শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে মনোনীত হয়েছেন।
ডিএমপির কর্মকর্তারা বলছেন, মাঠপর্যায়ে দক্ষতা ও পেশাদারিত্বের কারণে হাফিজুর রহমান ইতিমধ্যে নিজেকে একজন নির্ভরযোগ্য কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। তাঁর নতুন দায়িত্বেও সেই অভিজ্ঞতার প্রতিফলন ঘটবে বলে আশা করা হচ্ছে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











































