ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জন গ্রেপ্তার, মামলা ৪৪

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে রাজধানীর বিভিন্ন থানায় ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
ডিএমপি জানিয়েছে, অভিযানে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ২৬ জন, লালবাগে ৩৩ জন, ওয়ারীতে ৪২ জন, মতিঝিলে ৫৯ জন, তেজগাঁওয়ে ৫৯ জন, মিরপুরে ১৩৬ জন, গুলশানে ৩৬ জন, উত্তরা বিভাগে ৩৬ জন এবং গোয়েন্দা বিভাগে ৭ জন রয়েছেন।
অভিযানকালে একটি বিদেশি রিভলবার ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এ ছাড়া এক কেজি ৩০০ গ্রাম গাঁজা, ৩ হাজার ৫৮৯ পিস ইয়াবা, ৯ দশমিক ৪ গ্রাম হেরোইন, ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং দুটি বুপ্রেনরফিন ইনজেকশন উদ্ধার করা হয়।
এ সময় নগদ ১ হাজার ৫৪০ টাকা ও একজন ভিকটিমকেও উদ্ধার করা হয়েছে।
ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে এসব আলামত ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়। একই সঙ্গে সংশ্লিষ্টদের গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
(ঢাকাটাইমস/৫ সেপ্টেম্বর/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































