৩ ধাপে নবম পে-স্কেল বাস্তবায়নের উদ্যোগ, বাড়ছে বেতন-ভাতা বরাদ্দ

দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে তিন ধাপে নবম পে-স্কেল বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে পে-স্কেল সংক্রান্ত পুনর্গঠিত কমিটি ইতোমধ্যে সুপারিশ প্রণয়নের কাজ শুরু করেছে, যা শিগগিরই সরকারের কাছে জমা দেওয়া হবে বলে জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, অর্থনীতির ওপর চাপ কমাতে আগামী তিন বছরে ধাপে ধাপে এই পে-স্কেল বাস্তবায়নের পরিকল্পনা করা হচ্ছে। প্রস্তাব অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবছরে মূল বেতনের প্রায় ৫০ শতাংশ কার্যকর করা হতে পারে। এ জন্য নতুন বাজেটে বেতন-ভাতা ও পেনশন খাতে অতিরিক্ত ৩৫ থেকে ৪০ হাজার কোটি টাকা বরাদ্দ বাড়ানোর সুপারিশ করা হবে।
পরিকল্পনা অনুযায়ী, প্রথম বছরেই পে-স্কেলের প্রায় ৩৩ শতাংশ বাস্তবায়ন করা হবে। পরবর্তী দুই অর্থবছরে বাকি অংশ—মূল বেতন ও বিভিন্ন ভাতা—ধাপে ধাপে কার্যকর করা হবে।
এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়-এর এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, পুনর্গঠিত কমিটির প্রথম বৈঠকে এখনো কোনো সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। তবে কমিটির সদস্যরা নীতিগতভাবে পে-স্কেল বাস্তবায়নের পক্ষে অবস্থান নিয়েছেন। সরকারি কর্মকর্তাদের পক্ষ থেকেও এ বিষয়ে চাপ রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
তিনি আরও জানান, চলতি বাজেটে পে-স্কেল বাস্তবায়নের জন্য অর্থ বরাদ্দ রাখা হলেও তা ব্যবহার করা হয়নি। নতুন বাজেটে এ খাতে বাড়তি বরাদ্দ অন্তর্ভুক্ত করা হতে পারে।
সংশ্লিষ্ট সূত্র আরও জানায়, এশীয় উন্নয়ন ব্যাংক-এর বার্ষিক বৈঠক শেষে উজবেকিস্তান থেকে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী দেশে ফেরার পর পুনর্গঠিত কমিটি এ বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারে। চূড়ান্ত সিদ্ধান্তের আগে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করার পরিকল্পনাও রয়েছে বলে জানা গেছে।
বিশ্লেষকদের মতে, ধাপে ধাপে পে-স্কেল বাস্তবায়ন করলে সরকারি ব্যয়ের চাপ কিছুটা নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে, পাশাপাশি সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের প্রত্যাশাও আংশিকভাবে পূরণ হবে।
(ঢাকাটাইমস/৫ মে/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












