ঈদুল আজহা উপলক্ষে ১৩ দিন দেশের সব ফিলিং স্টেশন ২৪ ঘণ্টা খোলা থাকবে

ঈদুল আজহা উপলক্ষে দেশের সব সিএনজি ফিলিং স্টেশন টানা ১৩ দিন ২৪ ঘণ্টা খোলা রাখার নির্দেশ দিয়েছে সরকার। ঈদে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন রাখতে এবং মহাসড়কে যানবাহনে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সম্প্রতি জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে এ বিষয়ে পেট্রোবাংলার চেয়ারম্যানকে চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়, ঈদের দিনসহ আগের সাত দিন এবং পরের পাঁচ দিন দেশের সব সিএনজি ফিলিং স্টেশন সার্বক্ষণিক খোলা রাখতে হবে।
সে অনুযায়ী আগামী ২১ মে থেকে ২ জুন পর্যন্ত সারা দেশে এ নির্দেশনা কার্যকর থাকবে। সংশ্লিষ্টরা বলছেন, ঈদযাত্রায় যানবাহনের চাপ বেড়ে যাওয়ায় জ্বালানি সংকট এড়াতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
উল্লেখ্য, এবার পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এবারও টানা সাত দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। সরকারের ঘোষিত ছুটি অনুযায়ী, আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত ঈদের সরকারি অবকাশ চলবে। তবে দীর্ঘ ছুটির কারণে ঈদের আগে ২৩ ও ২৪ মে অফিস খোলা থাকবে বলে মন্ত্রিসভার সিদ্ধান্তে জানানো হয়েছে।
(ঢাকাটাইমস/১৮ মে/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












