সৌদি আরবে পৌঁছেছেন ৭৩১৮২ জন বাংলাদেশি হজযাত্রী, মৃত্যু ১৮

বাংলাদেশ থেকে এ পর্যন্ত ১৮৯টি হজ ফ্লাইটে মোট ৭৩ হাজার ১৮২ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালের আইটি হেল্পডেস্কের দৈনিক বুলেটিন থেকে বৃহস্পতিবার এ তথ্য জানা গেছে।
বুলেটিন অনুযায়ী, এখন পর্যন্ত হজযাত্রীদের মধ্যে ১৮ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে ১৩ জন পুরুষ এবং ৫ জন নারী। মক্কায় ১৩ জন এবং মদিনায় ৫ জন মৃত্যুবরণ করেন।
এ পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৯৫টি, সৌদি এয়ারলাইনসের ৬৯টি এবং ফ্লাইনাস এয়ারলাইনসের ২৫টি ফ্লাইট পরিচালিত হয়েছে।
চলতি বছর আগামী ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালনের কথা রয়েছে। এর মধ্যে বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন এবং সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন হজযাত্রী রয়েছেন।
এ বছরের হজ ফ্লাইট কার্যক্রম ১৮ এপ্রিল ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। আগামী ২১ মে পর্যন্ত সৌদি আরবে যাওয়ার ফ্লাইট চলবে। হজ শেষে ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হয়ে ৩০ জুন পর্যন্ত চলবে।
(ঢাকাটাইমস/২১ মে/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































