আরও এক বাংলাদেশি নারী নিম্মির এভারেস্ট জয়

প্রায় ১৪ বছর পর আরও এক বাংলাদেশি পর্বতারোহী এভারেস্টের চূড়া জয় করেছেন। অষ্টম বাংলাদেশি এবং তৃতীয় বাঙালি নারী হিসেবে এবার বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গটি জয় করলেন নুরুন্নাহার নিম্নি।
বুধবার (২৭ মে) নেপাল সময় সকাল ৫টা ২৪ মিনিটে এভারেস্টের চূড়ায় উঠে বাংলাদেশের লাল-সবুজ পতাকা ওড়ান নিম্মি। খবরটি নিশ্চিত করেছে বাংলা মাউন্টেইনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাব।
এর আগে ২০১২ সালের ১৯ মে প্রথমে নিশাত মজুমদার ও ২৬ মে ওয়াসফিয়া নাজরীন এভারেস্টের চূড়ায় ওঠে ইতিহাসে নাম লেখান।
নুরুন্নাহার নিম্নি তার এভারেস্ট জয়ের যাত্রায় গত ১১ এপ্রিল ঢাকা থেকে নেপালে যান।
তার এভারেস্ট সামিটের চেষ্টায় কয়েক দফা বাধা হযে দাঁড়ায় প্রতিকূল আবহাওয়া। অবশেষে ২৫ মে আবার সামিট পুশ শুরু করেন। ক্যাম্প-৪ থেকে চূড়ান্ত আরোহণ শেষে আজ ভোরে পৌঁছে যান বিশ্বের সর্বোচ্চ শিখরে।
পূবালী ব্যাংক পিএলসির প্রিন্সিপাল অফিসার নিম্নি পড়াশোনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগে। পাহাড়ের প্রতি ভালোবাসা থেকেই তার পর্বতারোহণে যাত্রা শুরু।
প্রথম বাংলাদেশি হিসেবে এভারেস্ট জয় করেন মুসা ইব্রাহিম। এরপর আরও সাতজন সেখানে লাল-সবুজের পতাকা ওড়ান।
২০১০ সালে মুসা ইব্রাহিমের পর ২০১১ সালে এম এ মুহিত এভারেস্ট জয় করেন। মুহিত একমাত্র বাংলাদেশি, যিনি এই পর্বত শৃঙ্গ জয় করেন দুবার।
২০১২ সালে প্রথম বাংলাদেশি নারী হিসেবে এভারেস্টে ওঠেন নিশাত মজুমদার। পরের বছর সর্বোচ্চ শৃঙ্গ জয় করেন ওয়াসফিয়া নাজরীন।
এরপর ২০১৩ সালে সজল খালেদ, ২০২৪ সালে বাবর আলী এবং ২০২৫ সালে একরামুল হাসান শাকিল এভারেস্ট চূড়া জয় করেন।
(ঢাকাটাইমস/২৭মে/মোআ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































