পবিত্র হজের আনুষ্ঠানিকতা শেষে দেশে ফিরছেন হাজিরা

তিন জামারাতে শয়তানকে কঙ্কর নিক্ষেপের মাধ্যমে এ বছরের হজের মূল আনুষ্ঠানিকতা শেষ করেছেন হাজিরা। শুক্রবার (২৯ মে) আনুষ্ঠানিকতা শেষে রাত থেকেই সৌদি আরব থেকে বাংলাদেশে ফেরার যাত্রা শুরু হয়েছে।
আজ শনিবার (৩০ মে) সকাল ১০টার দিকে ৪১৯ জন হাজি নিয়ে প্রথম ফিরতি ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে। সাউদিয়া এয়ারলাইন্সের ‘এসভি-৫৮০৬’ ফ্লাইটে তারা দেশে ফেরেন। বিমানবন্দরে পৌঁছানোর পর হাজিদের জমজমের পানি দিয়ে স্বাগত জানানো হয়।
হাজিদের নিয়ে আসার এই ফিরতি ফ্লাইট কার্যক্রম আগামী ১ জুলাই পর্যন্ত চালু থাকবে।
এ বছর বাংলাদেশ থেকে মোট ৭৯ হাজার ১৬৪ জন ধর্মপ্রাণ মুসলমান হজ পালনের জন্য পবিত্র মক্কায় গিয়েছিলেন। গত ১৭ এপ্রিল ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এ বছরের হজ ফ্লাইট কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এরপর বাংলাদেশ থেকে হজযাত্রী বহনকারী শেষ ফ্লাইটটি ২১ মে সৌদি আরবে পৌঁছায়।
এবারের হজ সফরে গিয়ে এখন পর্যন্ত ৩১ জন বাংলাদেশি হজযাত্রী পবিত্র ভূমিতে ইন্তেকাল করেছেন।
গত ১৭ এপ্রিল রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২০২৬ সালের হজ ফ্লাইটের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশ থেকে হজযাত্রী নিয়ে শেষ ফ্লাইটটি সৌদি আসে ২১ মে।
এ বছর সৌদি সরকারের বেঁধে দেয়া সময়ের মধ্যেই হজযাত্রীদের তাঁবু ভাড়া, পরিবহন চুক্তি, বাসা ভাড়া ও ভিসার কাজ শেষ করে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। হজযাত্রী পরিবহন মসৃন করার জন্য এয়ারলাইন্সের সঙ্গে আলোচনা করে নেয়া হয় প্রয়োজনীয় ব্যবস্থা। ফলে কোনরূপ সিডিউল বিপর্যয় ছাড়াই নিবন্ধিত শতভাগ হজযাত্রী সৌদিতে আসতে পেরেছে। ১ জুলাই শেষ হবে হজের ফিরতি ফ্লাইট।
(ঢাকাটাইমস/৩০ মে/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































