আজ বিদ্যুতের নতুন মূল্য ঘোষণা, বাড়তে পারে পাইকারি ও খুচরা দাম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৩ জুন ২০২৬, ০৯:১৭
অ- অ+

দেশে বিদ্যুতের পাইকারি ও খুচরা পর্যায়ের নতুন মূল্যহার ঘোষণা করা হতে পারে আজ। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম সর্বোচ্চ ১৯ শতাংশ এবং খুচরা পর্যায়ে ১৫ থেকে ২০ শতাংশ পর্যন্ত বাড়ানো হতে পারে। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

বিইআরসির প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, বিদ্যুতের পাইকারি, সঞ্চালন ও খুচরা মূল্যহার পুনর্নির্ধারণ সংক্রান্ত সিদ্ধান্ত আজ বিকেল ৩টায় ঘোষণা করা হবে। নতুন মূল্যহার অনুমোদিত হলে তা ১ জুন থেকে কার্যকর হবে।

বিইআরসির চেয়ারম্যান জালাল আহমেদ জানিয়েছেন, কমিশনের সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। তবে সম্ভাব্য মূল্যবৃদ্ধির হার সম্পর্কে তিনি কোনো মন্তব্য করেননি।

সংশ্লিষ্ট সূত্র বলছে, প্রস্তাবিত মূল্যবৃদ্ধি কার্যকর হলে তা গত দেড় দশকের মধ্যে অন্যতম বড় বৃদ্ধি হবে। এর আগে ২০১১ সালের ডিসেম্বরে পাইকারি বিদ্যুতের দাম ২১ দশমিক ৪৬ শতাংশ এবং খুচরা বিদ্যুতের দাম ১৪ দশমিক ১৬ শতাংশ বাড়ানো হয়েছিল।

বিদ্যুতের পাইকারি মূল্যহার বৃদ্ধির জন্য বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি), পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি এবং বিদ্যুৎ বিতরণকারী ছয়টি প্রতিষ্ঠান বিইআরসির কাছে প্রস্তাব জমা দেয়। এসব প্রস্তাবের ওপর গত ২০ ও ২১ মে গণশুনানি অনুষ্ঠিত হয়।

বিপিডিবি ইউনিটপ্রতি পাইকারি বিদ্যুতের দাম ১ টাকা ২০ পয়সা থেকে ১ টাকা ৫০ পয়সা পর্যন্ত বাড়ানোর প্রস্তাব দিয়েছে। সংস্থাটির হিসাব অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবছরে বিদ্যুৎ উৎপাদনে ব্যয় হবে প্রায় ১ লাখ ৪৩ হাজার কোটি টাকা এবং প্রতি ইউনিট উৎপাদন ব্যয় দাঁড়াবে প্রায় ১২ টাকা ৯১ পয়সা।

বিইআরসির কারিগরি কমিটির মূল্যায়নে বলা হয়েছে, বর্তমান দামে বিদ্যুৎ বিক্রি অব্যাহত থাকলে আগামী অর্থবছরে বিপিডিবির ঘাটতি প্রায় ৬০ হাজার ৩৯৯ কোটি টাকায় পৌঁছাতে পারে। এ ঘাটতি পুরোপুরি সমন্বয় করতে হলে গড়ে প্রায় ৭৮ শতাংশ পর্যন্ত মূল্যবৃদ্ধি প্রয়োজন হতে পারে। তবে সরকারি ভর্তুকি বিবেচনায় নিয়ে কম হারে মূল্য সমন্বয়ের সুপারিশ করা হয়েছে।

অন্যদিকে দেশের ছয়টি বিদ্যুৎ বিতরণ কোম্পানি খুচরা পর্যায়ে ইউনিটপ্রতি ৮৫ পয়সা থেকে ২ টাকা ৫ পয়সা পর্যন্ত দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছে। এসব প্রস্তাবের ভিত্তিতে বিইআরসির কারিগরি মূল্যায়ন কমিটি গড়ে ইউনিটপ্রতি ১ টাকা ২৫ পয়সা মূল্যবৃদ্ধির সুপারিশ করেছে। কমিশন সেই সুপারিশ গ্রহণ করতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

জ্বালানি তেলের দাম বৃদ্ধি এবং উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ার কারণে বিদ্যুতের মূল্য সমন্বয়ের উদ্যোগ নেওয়া হলেও এ সিদ্ধান্ত নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অর্থনীতি ও জ্বালানি খাতের বিশ্লেষকরা। তাদের মতে, বিদ্যুতের দাম বাড়লে উৎপাদন ব্যয় বৃদ্ধি পাবে, যা মূল্যস্ফীতিকে আরও উসকে দিতে পারে। এর ফলে সাধারণ ভোক্তা, শিল্প খাত ও ব্যবসা-বাণিজ্যের ওপর অতিরিক্ত চাপ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।

এছাড়া আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের পণ্যের প্রতিযোগিতা সক্ষমতাও ক্ষতিগ্রস্ত হতে পারে বলে গণশুনানিতে অংশগ্রহণকারীরা মতামত দিয়েছেন। এখন সবার নজর বিইআরসির ঘোষণার দিকে, যা দেশের বিদ্যুৎ খাত ও সামগ্রিক অর্থনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।

(ঢাকাটাইমস/৩ জুন/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
খিলক্ষেতে উদ্ধার হওয়া চার বছরের শিশু ফিরল বাবা-মায়ের কোলে
ইউক্রেন যুদ্ধে কলম্বীয় ভাড়াটে যোদ্ধা ব্যবহারের অভিযোগ অস্বীকার রাশিয়ার
রোমে বাংলাদেশ দূতাবাসে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
রিয়াল মাদ্রিদে নতুন চুক্তির পথে ভিনিসিয়ুস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা