এক ধাপে বৈষম্যহীন ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবি, না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৬ জুন ২০২৬, ১৭:৪৮
অ- অ+

বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশন আসন্ন বাজেটে পর্যাপ্ত বরাদ্দ রেখে জরুরি ভিত্তিতে গেজেট প্রকাশের মাধ্যমে এক ধাপে বৈষম্যহীন ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবি জানিয়েছে। বাস্তবায়ন না হলে একযোগে কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবে বলে জানিয়েছে সংগঠনটি।

শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলন ও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর কেন্দ্রীয় এই সংগঠনটি সরকারের কাছে তাদের এই দাবি তুলে ধরে। ফেডারেশনের চেয়ারম্যান মো. সেলিম মিয়া সংবাদ সম্মেলনে দাবিগুলো তুলে ধরেন।

সেলিম মিয়া বলেন, বর্তমান বেতন কাঠামোয় সংসার চালাতে হিমশিম খাচ্ছেন কর্মচারীরা। নির্বাচনের আগে প্রধানমন্ত্রী তারেক রহমান কর্মচারীদের সমস্যার বিষয়ে অবগত থাকার কথা জানিয়ে রাষ্ট্রক্ষমতায় এলে দ্রুত ৯ম পে-স্কেল বাস্তবায়নের আশ্বাস দিয়েছিলেন।

নির্বাচিত সরকার চার মাস ধরে দেশ পরিচালনা করলেও এখনো ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশ হয়নি। তিনি বলেন, আমরা আশা করেছিলাম প্রধানমন্ত্রী তারেক রহমানের সময়ে কোনো দাবি নিয়ে আন্দোলনের প্রয়োজন হবে না।

কিন্তু সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে তিন ধাপে পে-স্কেল বাস্তবায়নের উদ্যোগ নেওয়ার খবর প্রচার হয়েছে। এ খবরে দেশের সরকারি কর্মচারীরা হতাশ হয়েছেন।

তিনি আরও বলেন, প্রতি পাঁচ বছর পরপর নতুন পে-স্কেল দেওয়ার নিয়ম থাকলেও গত ১১ বছরে কর্মচারীরা দুটি পে-স্কেল থেকে বঞ্চিত হয়েছেন। সেখানে তিন ধাপে পে-স্কেল বাস্তবায়নের কোনো যৌক্তিকতা নেই। তাই জুন ২০২৬-এর মধ্যে ৯ম পে-স্কেলের গেজেট জারি করে এক ধাপে বাস্তবায়নের উদ্যোগ নিতে হবে। একই সঙ্গে জানুয়ারি ২০২৬ থেকে পে-স্কেল কার্যকর করতে হবে এবং বাজেটে প্রয়োজনীয় বরাদ্দ রাখতে হবে।

ফেডারেশনের চেয়ারম্যান বলেন, প্রথম গ্রেড ও ২০তম গ্রেডের মধ্যে বিদ্যমান বেতন বৈষম্য দূর করতে গ্রেড সংখ্যা কমাতে হবে। অষ্টম পে-স্কেলে বাতিল হওয়া টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহাল করতে হবে। চাকরিতে কর্মরত থাকা পর্যন্ত কর্মচারীদের বার্ষিক ইনক্রিমেন্ট চালু রাখতে হবে।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আসন্ন বাজেটে ৯ম পে-স্কেল এক ধাপে বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় বরাদ্দ না রাখা হলে এবং এ বিষয়ে কোনো রোডম্যাপ ঘোষণা না করা হলে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের সঙ্গে সমন্বয় করে বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশন দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মচারী সংগঠনকে নিয়ে কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ফেডারেশনের মহাসচিব মো. জামাল উদ্দিন, মুখ্য সমন্বয়ক মো. ওয়ারেছ আলী, প্রধান উপদেষ্টা মহিউদ্দিন খন্দকার, সিনিয়র ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন, বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের সভাপতি এম এ হান্নান ও মহাসচিব বেল্লাল হোসেন, কর্মচারী কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক খায়ের আহম্মেদ মজুমদার, মাহামুদুল হাসান, খায়রুন নাহার লিপি, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্মচারী সমিতির সভাপতি ছারোয়ার মোর্শেদ এবং আহ্বায়ক মো. মোশারফ হোসেনসহ অন্যরা।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জিয়াউর রহমান ছিলেন স্বাধীন বাংলাদেশের পুনর্গঠনের মহান স্থপতি : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
টেকসই উন্নয়নের লক্ষ্যে বিএসটিআইকে আরো শক্তিশালী করা হবে : শিল্পমন্ত্রী
১০ হাজার টাকার কৃষি ঋণ মওকুফ গ্রামীণ অর্থনীতির জন্য বড় শক্তি : তথ্যমন্ত্রী
দিল্লিতে ককরোচ জনতা পার্টির বিক্ষোভ সমাবেশে পুলিশের লাঠিচার্জ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা