‘১০০ দিনে ৬০৫ খুন, ১৯৬ অপহরণ’: সংসদে রুমিন ফারহানার ক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৮ জুন ২০২৬, ১৯:১৪
অ- অ+

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। সরকারের প্রথম ১০০ দিনে হত্যা, অপহরণ, ছিনতাই, ডাকাতি ও নারী নির্যাতনের উদ্বেগজনক চিত্র তুলে ধরে তিনি সংসদে সমালোচনামূলক বক্তব্য দেন।

আজ সোমবার ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে ৭১ বিধিতে দাঁড়িয়ে তিনি এ বক্তব্য দেন। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।

রুমিন ফারহানা টিআইবির একটি প্রতিবেদনের তথ্য উদ্ধৃত করে বলেন, সরকারের প্রথম ১০০ দিনে দেশে অপরাধের মাত্রা উদ্বেগজনকভাবে বেড়েছে। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, মার্চ ও এপ্রিল মাসে দেশে ৬০৫টি খুন, ২৯৪টি ছিনতাই, ৯০টি ডাকাতি এবং ১৯৬টি অপহরণের ঘটনা ঘটেছে।

তিনি আরও দাবি করেন, এই সময়ে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে ১২৯টি এবং চুরির ঘটনা ঘটেছে ২ হাজার ২১৪টি।

নারী ও শিশু নির্যাতনের চিত্র তুলে ধরে রুমিন ফারহানা বলেন, আলোচিত সময়ে দেশে নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে ৩ হাজার ৪৯৬টি। এর মধ্যে ধর্ষণের শিকার হয়েছেন ৭৮ থেকে ১০২ জন, গণধর্ষণের শিকার হয়েছেন ৩০ থেকে ৩৬ জন এবং ধর্ষণের শিকার শিশুর সংখ্যা ৪৯ থেকে ৭১ জন।

তিনি বলেন, এই পরিসংখ্যান দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ চিত্র তুলে ধরে।

সরকারের জবাবদিহি ও কার্যকারিতা প্রসঙ্গে রুমিন ফারহানা বলেন, সরকারের অর্থনীতি ও আইনশৃঙ্খলা এই দুই খাতের ওপরই সরকারের সাফল্য বা ব্যর্থতা অনেকাংশে নির্ভর করে। স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে উপস্থিত থাকলে এ বিষয়ে আরও স্পষ্টভাবে বক্তব্য দেওয়া যেত বলেও তিনি মন্তব্য করেন।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রিয়াল মাদ্রিদে নতুন চুক্তির পথে ভিনিসিয়ুস
মহেশখালীর বিকল এলএনজি টার্মিনাল চালু, কমবে গ্যাস সংকট
জুলাই মাসে দেশে ৪৫৮টি সড়ক দুর্ঘটনায় নিহত ৪১৬: রোড সেফটি ফাউন্ডেশন
সরকারকে ব্যর্থ করতে দেশের বিরুদ্ধে একটি দল চক্রান্ত করছে: রিজভী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা