মোবাইল ফোনের সিমের ওপর ৩০০ টাকা কর প্রত্যাহার

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) খাতকে দেশের সবচেয়ে সম্ভাবনাময় ‘থ্রাস্ট সেক্টর’ হিসেবে গড়ে তুলতে মোবাইল ফোনের সিমের ওপর বিদ্যমান ৩০০ টাকা সুনির্দিষ্ট কর (সিম ট্যাক্স) সম্পূর্ণ প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
আজ বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে উপস্থাপিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে এই তথ্য জানান মন্ত্রী।
বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, বর্তমানে বাংলাদেশের টেলিকম খাতে করের হার প্রায় ৫০ শতাংশ এবং তথ্যপ্রযুক্তি খাতে তা প্রায় ২৫ শতাংশ, যা বিশ্ববাজারের তুলনায় অনেক বেশি। সাধারণ মানুষের মুঠোয় মোবাইল ফোন ও ইন্টারনেট সেবা আরও সহজে এবং সস্তায় পৌঁছে দিতে এই করের হার ক্রমান্বয়ে কমিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে বর্তমান বিএনপি সরকার।
দীর্ঘদিন ধরে দেশে মোবাইল ফোনের সিমের ওপর ৩০০ টাকা সুনির্দিষ্ট কর ছিল।
এই কর প্রত্যাহার করায় আগামী অর্থবছরে সরকারের প্রায় ১,২০০ কোটি টাকা রাজস্ব কমলেও সাধারণ গ্রাহকদের সিম কেনার খরচ সরাসরি ৩০০ টাকা কমে যাচ্ছে, যা ডিজিটাল বাংলাদেশ গঠনে এক নতুন গতি সঞ্চার করবে বলে আশা করেন অর্থমন্ত্রী।
(ঢাকাটাইমস/১১জুন/মোআ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











































