প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারে পাতলী খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন

কক্সবাজারে পিএমখালী ইউনিয়নের পাতলী খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৩ জুন) সকাল ১০টা ৪৫ মিনিটে এ কর্মসূচির উদ্বোধন করেন তিনি।
এর আগে সকাল ১০টায় ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি ফ্লাইট কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করে। কর্মসূচি উদ্বোধনের সময় সংশ্লিষ্ট প্রতিনিধি ও অতিথিরা উপস্থিত ছিলেন।
দিনব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন, মাছুমঘাট সংরক্ষিত বনে বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন, এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন।
এছাড়া পেকুয়া উপজেলায় বৈষম্যবিরোধী আন্দোলনে শহিদ এক শিক্ষার্থীর কবর জিয়ারত ও পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে।
কর্মসূচির অংশ হিসেবে বিকেলে জেলা পর্যায়ের একটি জনসভায় যোগদান এবং পরে মেরিন ড্রাইভ সড়ক ও সমুদ্রসৈকত পরিদর্শনের কর্মসূচি রয়েছে। সন্ধ্যায় লং বিচ হোটেলে এক সুধী সমাবেশে অংশ নেবেন।
বৃক্ষরোপণ ও খাল পুনঃখননসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়ে রাতে বিমানে কক্সবাজার থেকে ঢাকায় ফিরবেন প্রধানমন্ত্রী।
উল্লেখ্য, দেড় দশকের বেশি সময় লন্ডনে অবস্থানের পর গত বছরের ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান। এ বছরের ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা লাভের পর প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তারেক রহমান। দায়িত্ব নেওয়ার পর এটি তার প্রথম কক্সবাজার সফর।
(ঢাকাটাইমস/১৩ জুন/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































