স্ত্রী তালাক দেওয়ায় শ্বশুরবাড়িতে ফাঁস নিলেন যুবক

ফরিদপুরের নগরকান্দায় স্ত্রী একতরফা তালাক দেওয়ায় শ্বশুরবাড়ি এসে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন আব্দুল কারিম মুন্সী (৪২) নামের এক যুবক।
আজ শনিবার (২০ জুন) সকাল ১০টার দিকে উপজেলার চরযশোরদী ইউনিয়নের আলগাদিয়া গ্রামে শ্বশুরের বসতঘরের সিঁড়ির আড়া থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।
যুবক আব্দুল কারিম মুন্সী পার্শ্ববর্তী ভাঙ্গা উপজেলার কাপুড়িয়া সদরদী গ্রামের মৃত জালাল মুন্সীর ছেলে। তিনি নগরকান্দার আলগাদিয়া গ্রামের মো. ওমর আলী শেখের মেয়েকে বিয়ে করেন। সম্প্রতি পারিবারিক কলহের জেরে স্ত্রীর সঙ্গে তার বিবাহবিচ্ছেদ হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, আব্দুল কারিম মাদকাসক্ত ছিলেন। তিনি কোনো স্থায়ী পেশায় যুক্ত ছিলেন না। এ নিয়ে সংসারে দীর্ঘদিন ধরে দাম্পত্য কলহ চলছিল।
কোরবানি ঈদের এক সপ্তাহ আগে আব্দুল কারিমকে তালাক দেন তার স্ত্রী। এতে মানসিকভাবে ভেঙে পড়েন তিনি। ধারণা করা হচ্ছে এরই জেরে শুক্রবার দিবাগত রাতে কোনো সময় শ্বশুরের টিনশেড ঘরের সিঁড়ির আড়ার সঙ্গে দড়ি দিয়ে গলায় ফাঁস দেন তিনি।
আব্দুল কারিমের ঝুলন্ত মরদেহ উদ্ধার করার সত্যতা নিশ্চিত করে নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসুল সামদানি আজাদ জানান, ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
(ঢাকাটাইমস/২০জুন/মোআ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































