যশোরে সোয়া সাত কোটি টাকার স্বর্ণসহ দুই চোরাকারবারি আটক

যশোরে এক অভিযানে প্রায় পৌনে আট কোটি টাকা মূল্যের স্বর্ণসহ দুই চোরাকারবারিকে আটক করেছে বার্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তাদের কাছ থেকে একটি প্রাইভেট কারও জব্দ করা হয়।
আজ শনিবার (২০ জুন) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানায়।
প্রেস ব্রিফিংয়ে ৪৯ বিজিবির পরিচালক ও অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে যশোর-নড়াইল মহাসড়কে যশোর ব্যাটালিয়নের ১ নং গেইটের সামনে একটি বিশেষ আভিযানিক টহল দল অভিযান চালায়। এ সময় একটি প্রাইভেট কার তল্লাশি করে ৩১টি স্বর্ণের বার জব্দ করে, যার ওজন ৩ কেজি ৬৪১ গ্রাম। উদ্ধারকৃত স্বর্ণের বাজারমূল্য প্রায় ৭ কোটি ১৩ লাখ ৪৫ হাজার টাকা।
প্রেস ব্রিফিংয়ে আরও জানানো হয়, একই সঙ্গে ৫৪ লাখ ৫০ হাজার টাকা মূল্যের একটি প্রাইভেট কার, ৩৬ হাজার টাকা মূল্যের ৩টি মোবাইল ফোন এবং ৪ হাজার ৮১৫ টাকা নগদ অর্থ জব্দ করা হয়।
সব মিলিয়ে জব্দকৃত সম্পদের মোট বাজারমূল্য দাঁড়ায় প্রায় ৭ কোটি ৬৮ লাখ ৩৬ হাজার ২১০ টাকা।
আটক ব্যক্তিরা হলেন নড়াইল জেলার নড়াগাতি থানার খাসিআল গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে খন্দকার মাহাবুবুল হক (৪৫),ও যশোর সদর উপজেলা বালিডয়া ভেকুটিয়া গ্রামের সানু মিয়ার ছেলে মো. আনিস (৩৬)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানান, তারা ঢাকার ধোলাইপাড় এলাকার চোরাকারবারিদের কাছ থেকে স্বর্ণের বার সংগ্রহ করে যশোরের বেনাপোল স্থলবন্দর ব্যবহার করে ভারতে পাচারের পরিকল্পনা করেছিলেন।
বিজিবি আরো জানায়, আটককৃত আসামি, উদ্ধারকৃত স্বর্ণ, প্রাইভেট কার, মোবাইল ফোন ও নগদ টাকা যশোর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।
(ঢাকাটাইমস/২০জুন/মোআ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











































