দেশের ১৫ জেলায় ৬০ কি.মি. বেগে ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত

দেশের ১৫ জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ বুধবার (১ জুলাই) সকালে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া বিশেষ আবহাওয়া বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাস অনুযায়ী, দুপুরের মধ্যে রাজশাহী, পাবনা, যশোর, কুষ্টিয়া, খুলনা, ফরিদপুর, মাদারীপুর, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, টাঙ্গাইল, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা কিংবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এ কারণে এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
এদিকে আবহাওয়া অধিদপ্তরের সকাল ৭টার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা ও আশপাশের এলাকায় আজ দুপুর ১টার মধ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে বজ্রপাতও হতে পারে।
পূর্বাভাসে আরও বলা হয়, এ সময় দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। বৃষ্টির কারণে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, দেশের বিভিন্ন অঞ্চলে মৌসুমি বায়ুর প্রভাবে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। তাই নদীপথে চলাচলকারী নৌযানগুলোকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
(ঢাকাটাইমস/১ জুলাই/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































