২০২৭ সালের হজের জন্য প্রাক-নিবন্ধন শুরু

২০২৭ সালে হজ পালনে আগ্রহীদের জন্য প্রাক-নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। ধর্মবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, ১ জুলাই থেকে এই কার্যক্রম শুরু হয়েছে এবং সৌদি সরকারের ঘোষিত হজ রোডম্যাপ অনুযায়ী আগামী ২৬ সেপ্টেম্বরের মধ্যে নিবন্ধন সম্পন্ন করতে হবে।
আজ বুধবার (১ জুলাই) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের এক বার্তায় এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ২০২৭ সালের হজের জন্য নির্ধারিত সময় অনুযায়ী আগ্রহীদের দ্রুত প্রাক-নিবন্ধন সম্পন্ন করতে হবে।
এর আগে ২৯ মে সৌদি হজ ও উমরাহ মন্ত্রণালয় জেদ্দায় এক অনুষ্ঠানের মাধ্যমে ২০২৭ সালের হজ কার্যক্রমের সময়সূচি ঘোষণা করে এবং বিভিন্ন দেশের ধর্মবিষয়ক মন্ত্রীদের কাছে তা হস্তান্তর করে।
অনুষ্ঠানে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন (কায়কোবাদ) আমন্ত্রিত অতিথি হিসেবে অংশ নেন। সৌদি হজ ও উমরাহ মন্ত্রণালয়ের সহকারী মন্ত্রী ড. আল হাসান বিন ইয়াহইয়া আল মানাখরাহ তার কাছে আনুষ্ঠানিকভাবে হজের রোডম্যাপ হস্তান্তর করেন।
রোডম্যাপ অনুযায়ী, ২৬ সেপ্টেম্বরের মধ্যে হজযাত্রী নিবন্ধন সম্পন্ন করতে হবে। ৮ নভেম্বর দ্বিপাক্ষিক হজচুক্তি স্বাক্ষরিত হবে। ২০২৭ সালের ২৮ জানুয়ারি থেকে হজ ভিসা ইস্যু শুরু হবে এবং ৮ এপ্রিল থেকে হজ ফ্লাইট শুরু হওয়ার কথা রয়েছে।
চাঁদ দেখা সাপেক্ষে ১৫ মে (৯ জিলহজ) ২০২৭ সালের হজ অনুষ্ঠিত হবে।
(ঢাকাটাইমস/১ জুলাই/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











































