চালুর পথে মেট্রোরেল কমলাপুর স্টেশন, যাত্রীর চাপ বাড়বে ২০ শতাংশ

রাজধানীর মেট্রোরেল নেটওয়ার্কের মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত বর্ধিতাংশের নির্মাণকাজ প্রায় শেষের দিকে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, এ অংশের প্রায় ৭৭ শতাংশ কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। পুরো সম্প্রসারণ চালু হলে রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় উল্লেখযোগ্য পরিবর্তন আসবে বলে ধারণা করা হচ্ছে।
ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট (লাইন-৬) সূত্র জানায়, ২০২৭ সালের জানুয়ারিতে পরীক্ষামূলকভাবে ট্রেন চলাচল শুরু করার পরিকল্পনা রয়েছে। এরপর ২০২৭ সালের এপ্রিল থেকে বাণিজ্যিকভাবে যাত্রী পরিবহন শুরু হতে পারে। নিয়মিত সেবার পর রাতের বেলায় উত্তরা উত্তর থেকে কমলাপুর পর্যন্ত পুরো রুটে পরীক্ষামূলক ট্রেন চালানো হবে। একই সঙ্গে সিগন্যালিং, স্বয়ংক্রিয় দরজা এবং অন্যান্য বৈদ্যুতিক ব্যবস্থা স্থাপনের কাজ চলছে।
বর্তমানে কমলাপুর স্টেশনের অবকাঠামোগত নির্মাণ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। পাইল, পিয়ার, প্ল্যাটফর্ম, ট্র্যাক স্ল্যাব ও ছাদ নির্মাণসহ অধিকাংশ কাজ সম্পন্ন হয়েছে। এখন প্রবেশ ও বহির্গমন পথ, অভ্যন্তরীণ ফিনিশিং এবং টাইলস বসানোর কাজ চলমান।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জানায়, কমলাপুর স্টেশন চালু হলে যাত্রীসংখ্যা অন্তত ২০ শতাংশ বাড়তে পারে। বর্তমানে প্রতিদিন গড়ে প্রায় ৪ লাখ ১০ হাজার যাত্রী যাতায়াত করছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) পরিচালিত ঢাকা মেট্রোরেল লাইন-৬-এ।
কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, সম্প্রতি রাতের সেবা ২০ মিনিট বাড়ানোর পর দৈনিক যাত্রীসংখ্যা আরও বৃদ্ধি পেয়েছে। কোনো কোনো দিন তা ৪ লাখ ২৫ হাজার ছাড়িয়েছে।
পরিকল্পনা অনুযায়ী ভবিষ্যতে ট্রেন চলাচলের সময় আরও বাড়ানো হতে পারে এবং একসঙ্গে ট্রেন সেটের সংখ্যাও বৃদ্ধি করা হবে। বর্তমানে ১২ সেট ট্রেন চলাচল করছে, যা ধাপে ধাপে ১৪ সেটে উন্নীত করার পরিকল্পনা রয়েছে।
যাত্রীদের পক্ষ থেকে মেট্রোরেলের সময়সীমা সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত বাড়ানোর দাবি উঠেছে। একই সঙ্গে শুক্রবারও পূর্ণ সেবা চালুর অনুরোধ জানানো হয়েছে।
পুরো উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত ২১.২৬ কিলোমিটার দীর্ঘ এই রুট ২০২৩ সালের নভেম্বরে উত্তরা থেকে মতিঝিল অংশে বাণিজ্যিক চলাচল শুরুর মাধ্যমে আংশিকভাবে চালু হয়। কমলাপুর পর্যন্ত সম্প্রসারণ সম্পন্ন হলে রাজধানীর প্রধান রেল ও গণপরিবহন কেন্দ্রগুলোর সঙ্গে মেট্রোরেলের সংযোগ আরও শক্তিশালী হবে।
(ঢাকাটাইমস/৬ জুলাই/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































