আনসার সদস্যদের তৎপরতায় বিমানবন্দরে হারানো শিশু মায়ের কোলে ফিরল

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনসার সদস্যদের তৎপরতায় হারিয়ে যাওয়া তিন বছরের এক শিশু তার মায়ের কোলে ফিরে গেছে। মঙ্গলবার (৭ জুলাই) ভোরে বিমানবন্দরের ক্যানপি-০২ এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, কুমিল্লা থেকে মায়ের সঙ্গে বিমানবন্দরে আসা শিশু জিসান ভিড়ের মধ্যে অসাবধানতাবশত হারিয়ে যায়। পরে দায়িত্বে থাকা আনসার সদস্য পিসি মো. আলতাফ হোসেন ও এপিসি মো. জগলুল পাশা ক্যানপি-০২ এলাকায় শিশুটিকে একা কাঁদতে দেখে উদ্ধার করেন।
আনসার সদস্যরা তাৎক্ষণিকভাবে শিশুটিকে নিরাপদ হেফাজতে নেন। এরপর বিমানবন্দরে মাইকিংসহ বিভিন্ন মাধ্যমে শিশুটির অভিভাবকের সন্ধান শুরু করা হয়। বিষয়টি দ্রুত বিমানবন্দরে দায়িত্বরত শিফট ইনচার্জ পিসি মো. মোজাম্মেল হোসেন ও ডিউটি সিকিউরিটি অফিসারকে (ডিএসও) জানানো হয়।
পরবর্তীতে শিশুটির অভিভাবকের সন্ধান পাওয়া গেলে পরিচয় ও প্রয়োজনীয় তথ্য যাচাই-বাছাই শেষে শিশুটিকে তার মায়ের কাছে হস্তান্তর করা হয়।
হারিয়ে যাওয়া সন্তানকে ফিরে পেয়ে শিশুটির মা আনসার সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বিমানবন্দরের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের এমন মানবিক ও দায়িত্বশীল ভূমিকা প্রশংসিত হচ্ছে।
(ঢাকাটাইমস/৭ জুলাই/এসএস/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











































