৩৩০ মিলিমিটার বৃষ্টিতে ডুবলো চট্টগ্রাম: বিমানবন্দর সড়কে ধস, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

চট্টগ্রাম নগরীতে গত ২৪ ঘণ্টায় ৩৩০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাতে ব্যাপক জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। অতিবৃষ্টি ও জোয়ারের পানিতে নগরীর বিভিন্ন নিচু এলাকায় হাঁটু থেকে কোমরসমান পানি জমে দুর্ভোগে পড়েছেন নগরবাসী।
আজ মঙ্গলবার (৭ জুলাই) সকাল ৯টা পর্যন্ত পতেঙ্গা আবহাওয়া অফিসে গত ২৪ ঘণ্টায় ৩৩০ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
এছাড়া ভারী বর্ষণে পতেঙ্গা সৈকত এলাকায় বিমানবন্দর সড়কের একটি অংশ ধসে পড়েছে। মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে। চট্টগ্রাম সিটি করপোরেশনের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে সড়কটি মেরামতের কাজ শুরু করেছেন।
সড়কের একটি অংশ ক্ষতিগ্রস্ত হওয়ায় এক পাশ দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে। গুরুত্বপূর্ণ এ সড়কটি দিয়ে চট্টগ্রাম বন্দরের যানবাহন চলাচল করায় দ্রুত সংস্কার না হলে আমদানি-রপ্তানি কার্যক্রমে প্রভাব পড়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
এদিকে, নগরীর চকবাজার, কাতালগঞ্জ, শোলকবহর, রহমতগঞ্জ, কাপাসগোলা, ফরিদার পাড়া, জিইসি, আগ্রাবাদ, মুরাদপুর, কুসুমবাগ, হালিশহর, রামপুরসহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। অনেক বাসাবাড়ি ও দোকানের নিচতলায় পানি ঢুকে পড়ায় ভোগান্তিতে পড়েছেন বাসিন্দারা।
বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম সিটি করপোরেশন পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানসহ নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে চলমান ক্লাস ও পরীক্ষা স্থগিত বন্ধ ঘোষণা করা হয়েছে। স্থগিত পরীক্ষাগুলো পরবর্তী সময়ে নেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
সিটি করপোরেশনের প্রধান শিক্ষা কর্মকর্তা ড. কিসিঞ্জার চাকমা জানান, পরীক্ষা কমিটির সুপারিশ অনুযায়ী মঙ্গলবারের পরীক্ষা স্থগিত করা হয়েছে। একই সঙ্গে নগরীর অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানেও পরিস্থিতি বিবেচনায় পরীক্ষা স্থগিত করা হয়েছে।
চট্টগ্রামে টানা দুই দিনের ভারী বর্ষণ ও জোয়ারের পানিতে নগরের নিচু এলাকাগুলোতে জলাবদ্ধতা আরও বেড়েছে। পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সংস্থাগুলো কাজ করছে।
(ঢাকাটাইমস/৭ জুলাই/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











































