সিলেট সীমান্তে খাসিয়ার গুলিতে প্রাণ গেল বাংলাদেশি যুবকের

সিলেটের গোয়াইনঘাট সীমান্তে ভারতীয় খাসিয়ার গুলিতে মিনহাজ উদ্দিন (২৫) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছে।
শুক্রবার দিনগত রাত ৩টার দিকে ভারতের মেঘালয় রাজ্যের লাখাট স্টেশনসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মিনহাজ উদ্দিন গোয়াইনঘাট উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের ভাদেশ্বর গ্রামের কমর উদ্দিনের ছেলে। তবে ঘটনার সময় ঠিক কী উদ্দেশে তিনি সেখানে গিয়েছিলেন তা নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দিনগত রাত ৩টার দিকে মিনহাজ উদ্দিন উপজেলার সোনারহাট-লাখাট সীমান্ত পেরিয়ে ভারতের লাখাট স্টেশনসংলগ্ন এলাকায় প্রবেশ করলে খাসিয়ারা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তিনি গুলিবিদ্ধ হন।
স্থানীয় ইউপি সদস্য কামাল উদ্দিন বলেন, খবর পেয়ে তারা নিহতের বাড়িতে যান এবং বিষয়টি পুলিশ ও বিজিবিকে অবহিত করেন।
গোয়াইনঘাট থানার ওসি মো. ওমর ফারুক বলেন, খাসিয়ার গুলিতে এক যুবকের মৃত্যুর খবর পেয়ে থানার এসআই তানভীর ফায়াজের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। পরবর্তী আইনগত কার্যক্রমের জন্য লাশ সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।
সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, নিহত যুবক ভারতের অভ্যন্তরে প্রায় এক কিলোমিটার ভেতরে প্রবেশ করেছিলেন। গুলিবিদ্ধ অবস্থায় সীমান্ত পার করে বাংলাদেশে নিয়ে আসার পর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনার পর বিজিবির পক্ষ থেকে সীমান্তে কড়া নজরদারিসহ সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































