মোহাম্মদপুরে চোরাই মোবাইল কেনাবেচার চক্রের তিন সদস্য গ্রেপ্তার, বিপুল যন্ত্রাংশ উদ্ধার

রাজধানীর মোহাম্মদপুরের নবীনগর হাউজিং এলাকায় অভিযান চালিয়ে চোরাই ও ছিনতাইকৃত মোবাইল ফোন কেনাবেচার সঙ্গে জড়িত একটি চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব-২। এ সময় বিপুল পরিমাণ মোবাইল ফোন, ট্যাব, ডিসপ্লে ও বিভিন্ন যন্ত্রাংশ উদ্ধার করা হয়েছে।
রবিবার দুপুরে রাজধানীর মোহাম্মদপুরে র্যাব-২ ব্যাটালিয়ন সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র্যাব-২-এর উপ-অধিনায়ক নিফাজ রহমান।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. মুন্না শেখ (২৯), মো. নাসির উদ্দিন শান্ত (২৬) ও মো. নাসিম (২৮)।
র্যাব জানায়, রাজধানীতে সম্প্রতি মোবাইল ফোন চুরির ঘটনা বেড়ে যাওয়ায় চোরাই মোবাইল কেনাবেচা চক্রের ওপর গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেলে নবীনগর হাউজিং এলাকার একটি বাসায় অভিযান চালানো হয়।
অভিযানে পাঁচটি নতুন অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, ১২৬টি ব্যবহৃত মোবাইল ফোন, ১৬৫টি মোবাইল ডিসপ্লে, ১৬টি পুরোনো ট্যাব এবং ৬৫টি মোবাইলের বিভিন্ন যন্ত্রাংশ উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে র্যাব জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে চোর ও ছিনতাইকারীদের কাছ থেকে মোবাইল ফোন কিনে কম দামে বিক্রি করতেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রযুক্তিনির্ভর নজরদারি এড়াতে তারা মোবাইল খুলে যন্ত্রাংশ আলাদাভাবে বিক্রি করতেন। পাশাপাশি মোবাইল ফোনের আইএমইআই (IMEI) নম্বর পরিবর্তন করে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহারের সুযোগ করে দিতেন।
নিফাজ রহমান বলেন, মাঠপর্যায়ে চোর ও ছিনতাইকারীদের বিরুদ্ধে মামলা হলেও চোরাই মোবাইল কেনাবেচা চক্রের মূল সদস্যরা দীর্ঘদিন ধরেই আড়ালে ছিল। এই চক্রের সঙ্গে আরও অনেকে জড়িত। তাদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।
তিনি আরও জানান, চক্রের সদস্যরা ব্যাচেলর পরিচয়ে বাসা ভাড়া নিয়ে সেখানে চোরাই মোবাইল ও যন্ত্রাংশ কেনাবেচার কার্যক্রম পরিচালনা করতেন।
এ ঘটনায় মোহাম্মদপুর থানায় দণ্ডবিধির ৪১৩ ধারায় একটি মামলা করা হয়েছে। র্যাব জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তার এবং চোরাই মোবাইল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













