বসুন্ধরা কনভেনশন সিটিতে আন্তর্জাতিক শিক্ষামেলা, এক ছাদের নিচে দেশ-বিদেশের বিশ্ববিদ্যালয়

আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি)—যা বিভিন্ন বিশ্বমানের মেলা, আন্তর্জাতিক প্রদর্শনী ও বৃহৎ পরিসরের ইভেন্ট আয়োজনের জন্য ঢাকার অন্যতম শ্রেষ্ঠ ও সুবিধাজনক ভেন্যু। এই ভ্যেনুতেই অনুষ্ঠিত হচ্ছে ‘বাংলাদেশ আন্তর্জাতিক শিক্ষামেলা-২০২৬’। বিশাল জায়গা, আধুনিক অবকাঠামো ও সুসংগঠিত পরিসরের কারণে প্রতিদিন হাজার হাজার দর্শনার্থী অনায়াসে এখানে অংশ নিতে পারছেন।
আইসিসিবির গুলনকশা হলে আয়োজিত এই আন্তর্জাতিক শিক্ষামেলার গতকাল শুক্রবার ছিল দ্বিতীয় দিন। মেলা প্রাঙ্গণজুড়ে ছিল শিক্ষার্থী ও অভিভাবকদের উপচে পড়া ভিড়। বিশালাকার এই ভেন্যুতে গতকাল দিনভর প্রায় ১০ হাজার শিক্ষার্থী ও অভিভাবক স্বাচ্ছন্দ্যে দেশ-বিদেশের বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের কাছ থেকে তথ্য সংগ্রহ করেছেন।
মেলা প্রাঙ্গণে গতকাল দেখা যায়, বিশাল পরিসর জুড়ে থাকা প্রতিটি স্টলেই শিক্ষার্থীদের মুখর উপস্থিতি। কেউ যুক্তরাজ্য, কানাডা বা অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষার খোঁজ নিচ্ছেন, আবার কেউ ইউরোপ ও মালয়েশিয়ার বিশ্ববিদ্যালয়ের শর্ত, বৃত্তি ও সম্ভাব্য ব্যয় যাচাই করছেন। পাশাপাশি, বিদেশে পড়ার আর্থিক সমাধান দিতে মেলায় উপস্থিত রয়েছে বিভিন্ন ব্যাংক।
তিতুমীর কলেজের শিক্ষার্থী মেহেদী হাসান জানান, আইসিসিবির মতো মানসম্মত ভেন্যুতে আয়োজিত এই এক্সপোতে এক ছাদের নিচে এত দেশের প্রতিনিধির মুখোমুখি হওয়া অনেক সহজ হয়েছে। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের তাসনিয়া রহমানও জানান, সুন্দর পরিবেশে সরাসরি তথ্যের মুখোমুখি হয়ে এখন সিদ্ধান্ত নেওয়া সহজ হবে। এনসিসি ব্যাংকের কর্মকর্তা মেহেদি ইসলাম জানান, তাঁরা শিক্ষার্থীদের জন্য নামমাত্র গ্যারেন্টারে সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত সহজ শিক্ষা লোনের তথ্য দিচ্ছেন।
আইসিসিবির মতো আন্তর্জাতিক মানের ভেন্যুতে এই মেলা সফলভাবে বাস্তবায়ন প্রসঙ্গে ফেয়ার কনভেনার ইন্টারন্যাশনালের প্রধান নির্বাহী কর্মকর্তা মাহমুদ গালিব জানান, বিপুল উপস্থিতি প্রমাণ করে শিক্ষার্থীদের বিশ্বমঞ্চে যাওয়ার আগ্রহ কত বেশি। প্রতিষ্ঠানটির ডিরেক্টর অব ইভেন্টস অ্যান্ড সেলস আশিকুর রহমান তানভীর মনে করিয়ে দেন, বিশালাকার এই মেলা উপভোগ ও প্রয়োজনীয় পরামর্শ নেওয়ার আজই (শনিবার) শেষ সুযোগ থাকবে রাত ৮টা পর্যন্ত।(ঢাকাটাইমস/২৫ জুলাই/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































