রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী চূড়ান্ত করতে বিএনপির জরুরি বৈঠক

রাষ্ট্রপতি নির্বাচনে দলের প্রার্থী চূড়ান্ত করতে জরুরি বৈঠকে বসেছে বিএনপি। আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ৯টার দিকে সচিবালয়ে দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এ বৈঠক শুরু হয়। দলীয় সূত্রের বরাতে একাধিক সংবাদমাধ্যমও বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছে।
বৈঠকে বিএনপির শীর্ষ ও জ্যেষ্ঠ নেতারা উপস্থিত রয়েছেন। বৈঠকে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে দলের একক প্রার্থী চূড়ান্ত করা হবে। এরপর নির্ধারিত সময়ের মধ্যে দলের পক্ষ থেকে মনোনয়নপত্র জমা দেওয়ার কথা রয়েছে।
দলীয় ও সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী হিসেবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামই সবচেয়ে জোরালো। একাধিক প্রতিবেদনে বলা হয়েছে, দলীয়ভাবে তাকে প্রার্থী করার সিদ্ধান্ত ইতোমধ্যে নেওয়া হয়েছে। তবে আনুষ্ঠানিক ঘোষণা ও মনোনয়নপত্র জমার মধ্য দিয়ে বিষয়টি চূড়ান্ত হবে।
দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন আগামী ২০ আগস্ট অনুষ্ঠিত হবে। সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের পদত্যাগের পর শূন্য হওয়া পদে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের জন্য জাতীয় সংসদে বিশেষ অধিবেশনে ভোট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এদিকে মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হলে বিএনপির মহাসচিব পদসহ তার বর্তমান কয়েকটি গুরুত্বপূর্ণ দায়িত্বে পরিবর্তন আসতে পারে। একই সঙ্গে স্থানীয় সরকার বিষয়ক মন্ত্রীর দায়িত্ব এবং ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য পদ নিয়েও নতুন সমীকরণ তৈরি হবে। ফলে তার সম্ভাব্য রাষ্ট্রপতি হওয়ার আলোচনা ঘিরে বিএনপির ভেতরে পরবর্তী নেতৃত্ব নিয়েও শুরু হয়েছে নানা হিসাব-নিকাশ।
রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ বৃহস্পতিবার। ফলে বিএনপির জরুরি বৈঠককে ঘিরে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। বৈঠক শেষে দলের পক্ষ থেকে রাষ্ট্রপতি পদে প্রার্থীর নাম আনুষ্ঠানিকভাবে জানানো হতে পারে।
(ঢাকাটাইমস/১৩ আগস্ট/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































