কে হচ্ছেন বিএনপির নতুন মহাসচিব? যা বললেন রুহুল কবির রিজভী

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির মনোনয়ন পাওয়ার পর দলটির মহাসচিব ও মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য পদ থেকেও সরে দাঁড়িয়েছেন। ফলে দলটির নতুন মহাসচিব কে হচ্ছেন, তা নিয়ে আলোচনা শুরু হয়েছে।
বৃহস্পতিবার সচিবালয়ে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে দলের স্থায়ী কমিটির এক বিশেষ বৈঠকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদে মনোনয়নের সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
রুহুল কবির রিজভী বলেন, ‘বিএনপির পক্ষ থেকে আনন্দের সঙ্গে জানাচ্ছি, আমাদের দলের পক্ষ থেকে রাষ্ট্রপতি প্রার্থী হয়েছেন দলের সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।’ দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
রাষ্ট্রপতি পদে প্রার্থী হওয়ার সঙ্গে সঙ্গে মির্জা ফখরুল মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন বলে জানান রিজভী। পাশাপাশি তিনি বিএনপির মহাসচিব এবং জাতীয় স্থায়ী কমিটির সদস্য পদ থেকেও সরে দাঁড়িয়েছেন।
মির্জা ফখরুলের পদত্যাগের পর বিএনপির নতুন মহাসচিব কে হবেন? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে রিজভী বলেন, বিষয়টি নির্ধারণের দায়িত্ব দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে দেওয়া হয়েছে।
তিনি বলেন, সাংবিধানিক ও দলীয় যে প্রক্রিয়া রয়েছে, তা পর্যালোচনা করে দলের চেয়ারম্যান পরবর্তীতে নতুন মহাসচিবের বিষয়ে সিদ্ধান্ত জানাবেন।
ফলে এখন পর্যন্ত বিএনপির নতুন মহাসচিব হিসেবে কারও নাম ঘোষণা করা হয়নি। দলের চেয়ারম্যানের সিদ্ধান্তের পরই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসবে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











































