গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে অলি আহমদ রাষ্ট্রপতি হতেন: জামায়াত

গণভোটের রায় কার্যকর করা হলে ১১ দলীয় ঐক্যের প্রার্থী ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হতেন বলে মন্তব্য করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) নির্বাচন কমিশনে অলি আহমদের পক্ষে রাষ্ট্রপতি পদে মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।
তিনি বলেন, গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে সংসদ সদস্যরা স্বাধীনভাবে মতামত দেওয়ার সুযোগ পেতেন। সে ক্ষেত্রে কর্নেল অলি আহমদ বিপুল ভোটে বিজয়ী হতেন।
হামিদুর রহমান আযাদ বলেন, গণভোটের রায় কার্যকর করা হলে বিএনপিও বিতর্কমুক্ত থাকতে পারত। তবে বিএনপি কলাকৌশলের মাধ্যমে সংসদে নিজেদের সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করেছে বলে অভিযোগ করেন তিনি।
তিনি আরও বলেন, বাংলাদেশের গণতন্ত্র চর্চায় নতুন ধারা তৈরি করতেই ১১ দলীয় ঐক্য রাষ্ট্রপতি পদে প্রার্থী দিয়েছে। এখানে জয়-পরাজয় ১১ দলের কাছে মুখ্য নয়; বরং প্রতিদ্বন্দ্বিতাই মূল বিষয়।
মনোনয়নপত্র জমা দেওয়ার বিষয়ে জামায়াতের এই নেতা বলেন, অলি আহমদের পক্ষে রাষ্ট্রপতি পদে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। প্রয়োজনীয় সব তথ্য-উপাত্ত সুনিপুণভাবে দাখিল করা হয়েছে।
রাষ্ট্রপতি নির্বাচনকে ব্যতিক্রমী উল্লেখ করে হামিদুর রহমান আযাদ বলেন, অতীতে সাধারণত সংসদে সংখ্যাগরিষ্ঠ দলকেই রাষ্ট্রপতি পদে প্রার্থী দিতে দেখা গেছে। এবার ১১ দল রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছে।
উল্লেখ্য, আগামী ২০ আগস্ট জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, ১৬ আগস্ট মনোনয়নপত্র যাচাই-বাছাই এবং ১৮ আগস্ট প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় নির্ধারণ করা হয়েছে।
(ঢাকাটাইমস/১৩ আগস্ট/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































