জয়পুরহাটে চোর সন্দেহে ২ যুবকের হাত-পা বেঁধে পিটুনি, একজনের মৃত্যু

জয়পুরহাট প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৫ আগস্ট ২০২৬, ১৬:২১
অ- অ+

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় বাদশা (২৭) নামের এক যুবককে হাত-পা বেঁধে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। একই ঘটনায় মাজেদুল ইসলাম (২২) নামে অপর এক যুবককে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) ভোরে উপজেলার মহব্বতপুর পদ্মপুকুর ব্রিজের প্রায় ১৫০ গজ পশ্চিমে একটি কাঁচা রাস্তার ওপর থেকে তাদের উদ্ধার করা হয়।

নিহত বাদশা উপজেলার আলমপুর ইউনিয়নের আলমপুর আদর্শ গ্রামের জামালের ছেলে। আর আহত মাজেদুল একই এলাকার ইব্রাহিমের ছেলে।

স্থানীয়রা জানান, শনিবার ভোরে কয়েকজন কৃষক ওই এলাকায় মাছ ধরতে যাচ্ছিলেন। এ সময় তারা কাঁচা রাস্তার ওপর দুই জনকে পড়ে থাকতে দেখেন। পরে তারা বিষয়টি পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বাদশার মরদেহ উদ্ধার করেন এবং আহত অবস্থায় মাজেদুল ইসলামকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়।

‎আহত মাজেদুল ইসলাম পুলিশ ও সাংবাদিকদের জানিয়েছেন, শুক্রবার বিকেলে জামালগঞ্জ চারমাথা এলাকার একটি তেল পাম্প এলাকায় কয়েকজন তাদের চোর সন্দেহ করেন। কিন্তু তারা রাত থাকতে চান এবং সকালে চলে যাওয়ার কথা জানান। পরে একটি মুরগির শেড পার হলে কয়েকজন তাদের ধরে আনেন। রাত গভীর হলে মোটরসাইকেলে করে তাদের মহব্বতপুর পদ্মপুকুর এলাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে তারা চুরি করেছে বলে স্বীকার করতে বলেন। এরপর নয়জন মিলে তাদের মারধর করেন। একপর্যায়ে জ্ঞান হারিয়ে ফেলেন।

‎মাজেদুল বলেন, ভোরে কয়েকজনের ডাকাডাকিতে তার জ্ঞান ফেরে। তখন পাশে বাদশাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। হামলাকারীদের তিনি নাম জানেন না। তবে তাদের বাড়ি ও চেহারা দেখলে চিনতে পারবেন বলে জানান তিনি।

ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তারুল আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনকে উদ্ধার করে। আহত ব্যক্তিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

‎ওসি আরও বলেন, ঘটনাটির প্রকৃত কারণ কী এবং কারা এর সঙ্গে জড়িত, তা শনাক্ত করতে তদন্ত চলছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

(ঢাকা টাইমস/১৫আগস্ট/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জ্বালানি খাতে প্রতিযোগিতা বাড়াতে বেসরকারি খাতকে যুক্ত করছে সরকার
মাস্তুল ফাউন্ডেশন আত্মমানবতার সেবায় কাজ করে যাচ্ছে: ভূমিমন্ত্রী
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজে শিক্ষক সংকট কমাতে নতুন উদ্যোগ
বিএনপি সর্বদা গণতন্ত্রের জন্য লড়াই চালিয়ে আসছে: মির্জা ফখরুল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা