ঝিনাইদহে কাদায় বেঁধে রাখা সেই চার মহিষ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৭ আগস্ট ২০২৬, ২২:০৫
অ- অ+

জেলার মহেশপুরে বুক সমান কাদায় বেঁধে রাখা সেই ৪টি মহিষ উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।

গতকাল রোববার সামাজিক মাধ্যমে পশুগুলোর ভিডিও প্রকাশ হলে বিষয়টি নজরে আসে মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজ্জাদ হোসেনের।

আজ সোমবার দুপুরে ইউএনওর হস্তক্ষেপে মহিষগুলোকে উদ্ধার করে শুকনো ও নিরাপদ জায়গায় স্থানান্তর করা হয়।

স্থানীয়রা জানান, উপজেলার স্বরূপপুর ইউনিয়নের গোকুলনগর গ্রামে আব্দুল আলীম ৬ মাস ধরে বুক সমান কাদায় ৪টি মহিষ বেঁধে রেখেছিলেন। মহিশগুলোকে কাদাপানির মধ্যেই খাবার দেওয়া হতো। বুক সমান কাদার ভেতরে দাঁড়িয়ে থাকতো মহিষগুলো। অবলা পশুগুলোর সাথে এমন অমানবিক আচরণের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এমন অস্বাভাবিক ও কষ্টকর পরিবেশে থাকার কারণে মহিষগুলোর অবস্থা দিনদিন খারাপের দিকে যাচ্ছিল। মহিষগুলোকে কাদা থেকে তুলে শুকনা ও নিরাপদ স্থানে রাখার অনুরোধ করলেও মহিষের মালিক আব্দুল আলীম কারও কথা শোনেনি।

পরে স্থানীয় গণমাধ্যমকর্মীরা কাদায় আটকে থাকা মহিষগুলোর দুর্দশার ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে। ভিডিওটি মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজ্জাদ হোসেনের নজরে এলে তিনি মহিষগুলো উদ্বারের উদ্যোগ নেন।

স্থানীয় পশুপ্রেমী নাজমুল হোসেন বলেন, প্রাণীরা মানুষের মতো নিজেদের কষ্টের কথা বলতে পারে না। কিন্তু তাদেরও স্বাভাবিকভাবে বেঁচে থাকার অধিকার আছে। ৪টি মহিষকে দীর্ঘদিন ধরে বুকসমান কাদার মধ্যে আটকে রাখার দৃশ্য সত্যিই হৃদয়বিদারক।

আব্দুল আলীমের বৃদ্ধা মা সত্যা খাতুন বলেন, ছেলেকে একাধিকবার বলেছি মহিষগুলোকে ভালো স্থানে রাখতে কিন্তু সে কারও কোনো কথাই শুনত না। মহিষগুলোকে কাদাপানিযুক্ত স্থানে বেঁধে রাখতো। সব সময় ওখানেই খেতে দিত।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজ্জাদ হোসেন বাসসকে বলেন, মহিষগুলোকে উদ্ধার করে শুকনা স্থানে রাখার হয়েছে। মহিষের মালিককে ১৫ দিনের সময় দেওয়া হয়েছে।

এই সময়ের মধ্যে মহিষগুলোর জন্য পর্যাপ্ত জায়গা, শুকনা মেঝে, খাবার-পানি এবং নিরাপদ ও বসবাসযোগ্য পরিবেশ নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় তার বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ভোলা পৌরসভার সাবেক প্যানেল মেয়র মোহাম্মদপুরে গ্রেপ্তার
দিনাজপুরে স্কুলশিক্ষককে পিটিয়ে হত্যা
আজকের শিক্ষার্থী ও যুবসমাজই আগামী দিনের নেতৃত্ব দেবে: এমপি জাহাঙ্গীর আলম 
চতুর্থ-ষষ্ঠ শ্রেণিতে নতুন চার পাঠ্যবইয়ের অনুমোদন