মির্জাপুরে বিয়ের প্রলোভনে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, ৫ মাসের অন্তঃসত্ত্বা

টাঙ্গাইলের মির্জাপুরে বিয়ের প্রলোভনে এক গৃহবধূকে (২৩) টানা ৬ মাস ধরে ধর্ষণের অভিযোগ উঠেছে মাসুদ আলী (২৬) নামে এক যুবকের বিরুদ্ধে। ভুক্তভোগী গৃহবধূ বর্তমানে ৫ মাসের অন্তঃসত্ত্বা।
এ ঘটনায় রবিবার (২৩ আগস্ট) ওই নারীর মা বাদী হয়ে মির্জাপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযুক্ত মাসুদ আলী উপজেলার আনাইতারা গ্রামের আলী হোসেনের ছেলে।
অভিযোগ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, প্রায় ৫ বছর আগে মানিকগঞ্জ সদর উপজেলার এক ব্যক্তির সঙ্গে ওই নারীর পারিবারিক বিয়ে হয়। তার স্বামী গোড়াই এলাকার একটি শিল্পকারখানায় চাকরি করার সুবাদে গৃহবধূ বাবার বাড়িতেই অবস্থান করছিলেন। এ সময় অভিযুক্ত মাসুদ তাকে বিভিন্ন সময়ে প্রেমের প্রস্তাব দিত এবং একপর্যায়ে তাদের মধ্যে পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে। সুযোগ বুঝে মাসুদ গভীর রাতে ওই গৃহবধূর ঘরে প্রবেশ করে টানা ৬ মাস তাকে ধর্ষণ করে। সম্প্রতি গৃহবধূ ৫ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়লে মাসুদ তার সঙ্গে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেয়। বিষয়টি মাসুদের পরিবারকে জানানো হলে তারা গর্ভের সন্তান নষ্ট করার চক্রান্ত শুরু করে বলে অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী গৃহবধূ বলেন, "মাসুদ রাতে এসে মুখ ও হাত বেঁধে আমাকে জোরপূর্বক ধর্ষণ করত। সে এখন যোগাযোগ বন্ধ করে দিয়েছে। আমাকে বিয়ে না করলে আত্মহত্যা ছাড়া উপায় থাকবে না। বিচার চাইতে তাদের বাড়িতে গেলে তার মা আমাকে মারতে আসেন। আমি এর সুষ্ঠু বিচার চাই।"
ঘটনার পর থেকে অভিযুক্ত মাসুদের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
(ঢাকা টাইমস/২৩আগস্ট/এসএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন










































