মেঘনায় ১৬ কেজির কোরাল, নিলামে বিক্রি ২৪ হাজার টাকায়

ভোলার মনপুরা উপজেলার ঢালচরসংলগ্ন মেঘনা নদীতে জেলের জালে ধরা পড়েছে ১৬ কেজি ওজনের একটি বড় কোরাল মাছ। মাছটি উন্মুক্ত নিলামে ২৪ হাজার টাকায় বিক্রি হয়েছে।
আজ মঙ্গলবার সকালে উপজেলার কলাতলী ইউনিয়নের ঢালচর মৎস্য আড়তে মাছটির নিলাম হয়। নিলামে সর্বোচ্চ দর দিয়ে মাছটি কিনে নেন মৎস্য ব্যবসায়ী শামিম তালুকদার।
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, মঙ্গলবার ভোরে কামাল মাঝি দুই জেলেকে সঙ্গে নিয়ে মেঘনা নদীতে মাছ ধরতে যান। জাল ফেলার পর তা টেনে তোলার সময় বিভিন্ন প্রজাতির মাছের সঙ্গে বড় আকারের কোরালটি ধরা পড়ে। পরে মাছটি নদীতীরের রাজিব চৌধুরীর আড়তে নেওয়া হলে সেটি দেখতে সেখানে লোকজন জড়ো হন। নিলামে কয়েকজন ব্যবসায়ী অংশ নেন। শেষ পর্যন্ত ২৪ হাজার টাকায় মাছটি কিনে নেন শামিম তালুকদার।
শামিম তালুকদার বলেন, এত বড় কোরাল মাছ সচরাচর পাওয়া যায় না। এ কারণে নিলামে সর্বোচ্চ দর দিয়ে মাছটি কিনেছেন তিনি। মাছটি ইলিশসহ অন্যান্য মাছের সঙ্গে ঢাকায় পাঠানো হবে। সেখানে এটি ২৭ থেকে ২৮ হাজার টাকায় বিক্রি হতে পারে বলে আশা করছেন তিনি।
মনপুরা উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) জয়ন্ত কুমার অপু বলেন, সম্প্রতি জেলেরা নদীতে কাঙ্ক্ষিত ইলিশসহ অন্যান্য মাছ না পাওয়ার কথা জানাচ্ছেন। এর মধ্যে মেঘনায় ১৬ কেজি ওজনের কোরাল ধরা পড়ার ঘটনা অন্য জেলেদের জন্য আশার খবর। সামনে জেলেরা বড় ইলিশ, কোরালসহ অন্যান্য মাছ পাবেন বলে আশা করছেন তিনি।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































