লোহাগাড়ায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধুর মৃত্যু

চাঁদপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৪:২৪
অ- অ+

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া এলাকায় ট্রাকের চাপায় চাঁদপুরের কচুয়া উপজেলার দুই তরুণ নিহত হয়েছেন। মঙ্গলবার ভোরে মোটরসাইকেলে করে কক্সবাজার যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তরুণেরা হলেন— কচুয়া উপজেলার গোহট দক্ষিণ ইউনিয়নের রহিমানগর বাজারসংলগ্ন সাহারপাড় গ্রামের ব্যবসায়ী মিজানুর রহমান পাটওয়ারীর ছেলে মাহি পাটওয়ারী (২০) এবং একই গ্রামের অটোরিকশাচালক মনির হোসেনের ছেলে ফিরোজ আহমেদ তাওহীদ (২২)। নিহত মাহি ও তাওহীদ শৈশব থেকেই একই গ্রামের বাসিন্দা এবং একসঙ্গে বেড়ে ওঠেন।

স্থানীয় সূত্রে জানা যায়, কক্সবাজারের উদ্দেশে আজ মঙ্গলবার ভোরে মাহি পাটওয়ারী ও ফিরোজ আহমেদ তাওহীদ মোটরসাইকেলে করে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দিয়ে যাচ্ছিলেন। পথে লোহাগাড়া এলাকায় পৌঁছালে দ্রুতগতির একটি ট্রাক তাদের মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তারা।

স্থানীয় ইউপি সদস্য জহিরুল হক জানান, দুর্ঘটনার খবর পেয়ে নিহতদের স্বজনেরা ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছেন। সেখানে এলাকার একজন পুলিশ কর্মকর্তা রয়েছেন। তার সহযোগিতায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ এলাকায় আনার ব্যবস্থা করা হবে।

স্থানীয় বাসিন্দা মোহাম্মদ আলী বলেন, দুই তরুণের এমন আকস্মিক মৃত্যু স্বজন ও পরিচিতজনদের কেউই সহজে মেনে নিতে পারছেন না। তাদের মৃত্যুতে সাহারপাড় গ্রামে শোকের পরিবেশ বিরাজ করছে।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুল ইসলাম আকাশ বলেন, সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যুর বিষয়টি শুনেছি। তবে নিহতদের স্বজনদের পক্ষ থেকে থানায় এখনো কোনো তথ্য জানানো হয়নি।

(ঢাকা টাইমস/১সেপ্টেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জুলাই স্মৃতি ফাউন্ডেশনের ১৪ জনের বিরুদ্ধে মামলার আবেদন, তদন্তে সিআইডি
সিলেটে বিজিবি সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার
বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
বিজিবির ‘সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধবিদ্যা স্কুলের’ যাত্রা শুরু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা