জাপানে ভয়াবহ ভূমিধসের শঙ্কা, সর্বোচ্চ সতর্কতা জারি

রেকর্ড পরিমাণ বৃষ্টিপাতের পর জাপানের কাগোশিমা প্রদেশের ইয়াকুশিমা শহরে ভূমিধসের আশঙ্কায় সর্বোচ্চ স্তরের সতর্কতা জারি করা হয়েছে। আজ শনিবার (৫ সেপ্টেম্বর) জাপান আবহাওয়া সংস্থা (জেএমএ) এ সতর্কতা জারি করে। খবর আনাদোলু’র।
প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক ভারী বৃষ্টিপাতকে ‘অভূতপূর্ব’ হিসেবে উল্লেখ করেছে জেএমএ। সংস্থাটি জানিয়েছে, ভূমিধসের ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত এলাকাগুলোতে ইতোমধ্যে বড় ধরনের দুর্যোগের প্রবল আশঙ্কা তৈরি হয়েছে।
জেএমএ এক বিবৃতিতে সতর্ক করে বলেছে, মানুষের জীবন এখন আসন্ন বিপদের মধ্যে রয়েছে। বৃষ্টিপাত ও ঝড় অব্যাহত থাকায় বাসিন্দাদের নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।
কর্তৃপক্ষ বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার পরামর্শ দিয়েছে। কোনো নির্দিষ্ট আশ্রয়কেন্দ্রে পৌঁছানো ঝুঁকিপূর্ণ মনে হলে খাড়া পাহাড় ও নদী-নালা থেকে দূরে অবস্থিত কোনো ভবনে আশ্রয় নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
জেএমএ জানিয়েছে, বিশেষ সতর্কতা জারি হওয়ার অপেক্ষায় থাকলে নিরাপদে সরে যাওয়ার জন্য অনেক দেরি হয়ে যেতে পারে। তাই নিজের এবং পরিবারের সদস্যদের জীবন রক্ষায় কোনো ধরনের ঝুঁকি না নিয়ে আগেভাগেই নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
এ ছাড়া স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলার জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানিয়েছে আবহাওয়া সংস্থা।
এদিকে সাম্প্রতিক সময়ে নেপাল ও চীনের বিভিন্ন এলাকায় হিমবাহ ও ভূমিধসের ঘটনায় ব্যাপক প্রাণহানি ও নিখোঁজের ঘটনা ঘটেছে। এর মধ্যেই জাপানে ভূমিধসের সর্বোচ্চ সতর্কতা জারি হওয়ায় ঝুঁকিপূর্ণ এলাকাগুলোর বাসিন্দাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।
(ঢাকাটাইমস/৫ সেপ্টেম্বর/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন







