বেতন বাড়লেও কমছে বাড়িভাড়া ভাতা, নতুন পে স্কেলে কে কত শতাংশ পাবেন?

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৪
অ- অ+

জাতীয় বেতন কাঠামোয় সরকারি চাকরিজীবীদের মূল বেতন বাড়ানোর প্রস্তাব করা হলেও বাড়িভাড়া ভাতার হার কমানোর কথা বলা হয়েছে। ২০১৫ সালের বিদ্যমান পে স্কেলে ঢাকা সিটি করপোরেশন এলাকায় মূল বেতনের ৫০ থেকে ৬৫ শতাংশ পর্যন্ত বাড়িভাড়া ভাতা দেওয়া হলেও নতুন কাঠামোয় তা ৪০ থেকে ৬০ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে।

তবে মূল বেতন ১০০ থেকে ১৪২ শতাংশ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব থাকায় ভাতার হার কমলেও বাড়িভাড়া ভাতার টাকার অঙ্ক বাড়বে। গত ৩১ আগস্ট প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে জাতীয় বেতন কাঠামো ২০২৬ ও সশস্ত্র বাহিনীর বেতন কাঠামো অনুমোদন করা হয়। সভার কার্যবিবরণী সূত্রে এসব তথ্য জানা গেছে।

এলাকাভেদে বাড়িভাড়া ভাতার হার

নতুন কাঠামোয় ঢাকা সিটি করপোরেশন এলাকায় বাড়িভাড়া ভাতার হার গ্রেডভেদে ৪০ থেকে ৬০ শতাংশ করার প্রস্তাব রয়েছে। বর্তমানে এ এলাকায় ৫০ থেকে ৬৫ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা দেওয়া হয়।

ঢাকা সিটি করপোরেশন ছাড়া অন্যান্য সিটি করপোরেশন ও সাভার উপজেলায় বর্তমানে মূল বেতনের ৪০ থেকে ৫৫ শতাংশ বাড়িভাড়া ভাতা দেওয়া হয়। নতুন কাঠামোয় তা কমিয়ে ৩০ থেকে ৫০ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে।

এ ছাড়া এসব এলাকার বাইরে কর্মরত সরকারি চাকরিজীবীদের জন্য বিদ্যমান ৩৫ থেকে ৫০ শতাংশের পরিবর্তে ২৫ থেকে ৪৫ শতাংশ বাড়িভাড়া ভাতা দেওয়ার প্রস্তাব রয়েছে।

মূল বেতন বাড়ছে

নতুন পে স্কেলে ২০টি গ্রেড বহাল রাখার প্রস্তাব করা হয়েছে। ২০তম গ্রেডের প্রারম্ভিক মূল বেতন ২০ হাজার টাকা নির্ধারণের প্রস্তাবও বহাল রয়েছে।

জাতীয় বেতন কমিশন প্রথম গ্রেডের প্রারম্ভিক মূল বেতন ১ লাখ ৬০ হাজার টাকা করার প্রস্তাব করেছিল। তবে সচিব কমিটির সুপারিশে তা কমিয়ে ১ লাখ ৫৬ হাজার টাকা করার প্রস্তাব করা হয়েছে। একইভাবে ৮ম ও ৯ম গ্রেডে কমিশনের প্রস্তাবিত ১০৫ শতাংশ বেতন বৃদ্ধির হার কমিয়ে ১০০ শতাংশ করার প্রস্তাব রয়েছে।

প্রথম ধাপে মূল বেতনের একটি অংশ কার্যকর করা হবে। পরবর্তী দুই ধাপে বাকি অংশ সমন্বয় করা হবে। বাড়িভাড়াসহ অন্যান্য আনুষঙ্গিক ভাতা ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর করার প্রস্তাব করা হয়েছে।

চিকিৎসা ও মোবাইল ভাতাও বাড়ছে

নতুন কাঠামোয় চিকিৎসা ভাতা বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। ৫০ বছর পর্যন্ত চাকরিজীবীরা মাসে ৩ হাজার টাকা এবং ৫০ বছরের বেশি থেকে ৬০ বছর বয়সীরা ৪ হাজার টাকা চিকিৎসাভাতা পাবেন।

পেনশনারদের ক্ষেত্রে ৬০ থেকে ৭০ বছর বয়সীদের ৫ হাজার এবং ৭০ বছরের বেশি বয়সীদের ৬ হাজার টাকা চিকিৎসাভাতা দেওয়ার প্রস্তাব রয়েছে।

এ ছাড়া প্রথমবারের মতো সব গ্রেডের সরকারি চাকরিজীবীদের মোবাইল ভাতা দেওয়ার প্রস্তাব করা হয়েছে। ১ম থেকে ৫ম গ্রেডে মাসে ৫০০ টাকা এবং ৬ষ্ঠ থেকে ২০তম গ্রেডে ১৫০ টাকা করে মোবাইল ভাতা দেওয়ার কথা বলা হয়েছে।

যাতায়াত, টিফিন ও ধোলাই ভাতাও বাড়ানোর প্রস্তাব রয়েছে। তবে বাংলা নববর্ষ ভাতা বিদ্যমান মূল বেতনের ২০ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আ.লীগ আমলে ধর্ষণের মামলায় কারাগারে গিয়েছিলেন সাবেক এমপি আরজু
শিক্ষা প্রশাসনে স্বচ্ছতা ও গতিশীলতা আনতে প্রযুক্তিগত যোগাযোগ অপরিহার্য: উপাচার্য আমানুল্লাহ
সৌদি আরবের মদিনায় মিলল ১১ কোটি টন ইউরেনিয়াম ও দুর্লভ খনিজের ভান্ডার
ডাকসু সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি সরিয়ে আলোচনায়, কে এই আবু তৈয়ব হাবিলদার?